ভাইরাল খবর
‘বিধানসভায় ফের বিশৃঙ্খলা! ’ শুভেন্দুর পর এবার শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বের করল মার্শাল
ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আয়োজিত বিশেষ অধিবেশনই যেন পরিণত হল রাজনৈতিক টানাপোড়েনের মঞ্চে। রাজ্য বিধানসভা (West Bengal Assembly)-র কক্ষে দেখা গেল চরম উত্তেজনার ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর বক্তব্য শুরু করতেই প্রতিবাদে ফেটে পড়েন বিজেপি বিধায়করা (BJP MLAs)। তাঁরা অভিযোগ করেন, তাঁদের বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। মুহূর্তেই বিধানসভা চত্বর হয়ে ওঠে উত্তাল—শ্লোগান, টেবিল চাপড়ানি, স্পিকারকে ঘিরে বিক্ষোভ।
সাংবিধানিক শৃঙ্খলা বজায় রাখতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বারবার শান্ত থাকার আবেদন জানান। কিন্তু কোনও কিছুতেই থামানো যায়নি বিজেপি বিধায়কদের প্রতিবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)-কে একদিনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন স্পিকার।
কিন্তু এখানেই শেষ নয় নাটক। মার্শালরা যখন তাঁকে বিধানসভা কক্ষ থেকে বের করতে যান, তখন শুরু হয় ধস্তাধস্তি। শঙ্কর ঘোষ নিজের আসনে শুয়ে পড়েন, সরতে রাজি হন না। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ও অন্যরা এসে তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত প্রায় ১০–১২ জন মার্শাল তাঁকে কক্ষ থেকে টেনে হিচড়ে বাইরে বের করে আনেন।
এই ঘটনা ঘিরে আরও চড়তে থাকে উত্তেজনার পারদ। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য থামাননি। বরং, বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “চিরকালই এদের ধ্বংসাত্মক ভূমিকা। এরা বাংলা ও বাংলার সংস্কৃতির বিরোধী।”
অন্যদিকে, বিজেপি অভিযোগ করেছে, তাঁদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে এবং অধ্যক্ষ পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। ফলে প্রশ্ন উঠছে—ভাষা ও সংস্কৃতির ইস্যুতে বিশেষ অধিবেশন আদৌ ফলপ্রসূ হল, নাকি তা রাজনীতির রণক্ষেত্রে পরিণত হল?


