হাই কোর্ট
চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত, বিকল্প আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ এসএসসি দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের বহু অশিক্ষক কর্মী। এবার তাঁদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। শনিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, বিকল্প আয়ের ব্যবস্থা করা হবে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য। যতদিন না মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হচ্ছে, ততদিন এই সহায়তা চালু থাকবে।
মুখ্যমন্ত্রী জানালেন, শ্রম দপ্তরের মাধ্যমে এই আর্থিক সহায়তা মিলবে। গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা করে পাবেন। শিক্ষাদপ্তর নয়, সরাসরি শ্রমদপ্তর এই প্রকল্প রূপায়ণ করবে বলে জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ডানলপের শ্রমিকদের মতোই এই কর্মীদেরও পাশে থাকবে রাজ্য সরকার। তাঁদের জীবিকা যাতে চলতে পারে, সেই দায়িত্ব আমরা নেব।”
আরও পড়ুনঃ যোগ্যতার প্রশ্নে ফের তালিকা সংশোধন, বাদ আরও ১৮০৩ শিক্ষক, উত্তাল এসএসসি দফতর
নবান্ন সভাঘরে এদিন চাকরিহারা অশিক্ষক কর্মীদের নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে ফোনে সরাসরি যুক্ত হয়ে মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দেন। একইসঙ্গে জানান, মে মাসেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে, যাতে চাকরিহারা অশিক্ষক কর্মীরাও আবার কাজে ফিরতে পারেন।
প্রসঙ্গত, এসএসসি ২০১৬ সালের প্যানেল বাতিলের ফলে প্রায় ২৫ হাজার ৭০০ জনের চাকরি বাতিল হয়েছে। ‘যোগ্য’ শিক্ষকরা আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পেলেও, অশিক্ষক কর্মীদের কাজের অনুমতি দেয়নি আদালত। ফলে জীবন-জীবিকার অনিশ্চয়তায় তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবার মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত তাঁদের কাছে আশার আলো হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
