যানজট রুখতে পার্কিং জোন বানাচ্ছে পৌরসভা! গুনতে হতে পারে পার্কিং ফি?
Connect with us

রায়গঞ্জ

যানজট রুখতে পার্কিং জোন বানাচ্ছে পৌরসভা! গুনতে হতে পারে পার্কিং ফি?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ শহরের রাস্তায় রোজকার যানজট এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার ধারে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যান চলাচলে নৈরাজ্যকর অবস্থা তৈরি হয় প্রতিদিন। এবার এই সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ নিতে চলেছে রায়গঞ্জ পৌরসভা। শহরের নির্দিষ্ট কিছু অঞ্চলে বেসামাল পার্কিং বন্ধ করতে চালু করা হবে নির্ধারিত পার্কিং জোন এবং সেখানে পার্কিংয়ের জন্য গুণতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা।

পৌরসভা সূত্রের খবর, প্রাথমিকভাবে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং জোন তৈরি করা হবে। সেই এলাকাগুলি হল:

  • মোহনবাটি বাজার সংলগ্ন বাস বে অঞ্চল

  • আশা টকিজ থেকে বিএসএনএল টাওয়ার পর্যন্ত চত্বর

  • ঘড়ি মোড়ের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাশের জায়গা

  • বিদ্রোহী মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত এলাকা

  • এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত অংশ

এই এলাকাগুলিতে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু হলে শহরের যানজট অনেকটাই কমবে বলে মনে করছেন পুর আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত পার্কিংয়ের নির্দিষ্ট চার্জ কত হবে তা চূড়ান্ত হয়নি, তবে খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে জানান পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকের আশঙ্কা, বাড়তি অর্থ ব্যয়ের চাপ বাড়বে। তবে অনেকে মনে করছেন, যানজটমুক্ত শহর পেতে হলে সামান্য পার্কিং ফি মেনে নেওয়াই ভালো। রায়গঞ্জের বাসিন্দা প্রদীপ হেমরম বলেন, “যদি এতে শহরের রাস্তাঘাট ফাঁকা থাকে আর গাড়ি চলাচল স্বাভাবিক হয়, তাহলে একটু টাকা খরচ হলেও সমস্যা নেই।”

Advertisement
ads

শহরবাসীর চোখ এখন পৌরসভার পরবর্তী ঘোষণার দিকে। দেখতে হবে নতুন ব্যবস্থায় সত্যিই কি যানজটের সমস্যা মিটবে, নাকি নাগরিক দুর্ভোগ আরও বাড়বে।