ভাইরাল খবর
যোগ্যতার প্রশ্নে ফের তালিকা সংশোধন, বাদ আরও ১৮০৩ শিক্ষক, উত্তাল এসএসসি দফতর
ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির জেরে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের মধ্যে থেকে ‘যোগ্য’ প্রার্থীদের নতুন তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। তবে এই সংশোধিত তালিকায় ১৫,৪০৩ জন শিক্ষক-শিক্ষিকার নাম থাকলেও, বাদ পড়েছেন আরও ১,৮০৩ জন। ইতিমধ্যেই সংশোধিত তালিকা জেলার ডিআই দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর স্কুল সার্ভিস কমিশন সূত্রে।
শুরু থেকেই এই নিয়োগ সংক্রান্ত মামলায় নানা ওঠানামা। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় ২৫ হাজারের বেশি চাকরি। তাদের মধ্যে ১৮ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসএসসি ও রাজ্য সরকার। যদিও এই প্রক্রিয়ার মধ্যে ‘অযোগ্য’ বা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এমন ১৭ হাজার ২০৬ জনকে চিহ্নিত করে গত ১৭ এপ্রিল আদালতে একটি তালিকা জমা দেয় রাজ্য। আদালত জানিয়ে দেয়, অন্তত ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই শিক্ষক-শিক্ষিকারা স্কুলে গিয়ে পড়াতে পারবেন এবং বেতন পাবেন।
আরও পড়ুনঃ “স্কুলে ফিরে যান, সরকারই বেতন দেবে”— এসএসসি আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী
কিন্তু সেই তালিকাও শেষ পর্যন্ত চূড়ান্ত হল না। এসএসসি সূত্রের খবর, বেশ কয়েকজনের ওএমআর শিট বা পরীক্ষার অন্যান্য তথ্য ঘিরে অসঙ্গতি ধরা পড়ায় নতুন করে ১,৮০৩ জনকে বাদ দেওয়া হয়। ফলে ‘যোগ্য’ হিসেবে চিহ্নিতদের তালিকা এসে দাঁড়াল ১৫,৪০৩ জনে।
এই নিয়ে ফের বিস্ফোরণ ঘটে এসএসসি দফতরে। ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা প্রকাশের দাবিতে দফতরের সামনে ফের ধর্নায় বসেছেন চাকরিহারারা। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, ভিতরে একাধিক ঘণ্টা আটকে থাকেন এসএসসি চেয়ারম্যান। পরে আদালতে হাজিরা দিতে যাওয়ার কথা থাকায় তাঁকে ছাড়ার অনুমতি দেয় নিরাপত্তারক্ষীরা।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই আশ্বাস দিয়েছিলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। সেই সময়সীমা পেরিয়ে গেলেও নির্দিষ্টভাবে কিছু না জানানোয় আন্দোলন আরও জোরদার হয়েছে। এদিকে কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব পদক্ষেপ করা হচ্ছে।
তবে এই সংশোধিত তালিকাই কি ‘চূড়ান্ত’? নাকি সামনে আরও বদল? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।
