ভাইরাল খবর
টাটাদের ৭৬৫ কোটি টাকা মেটানোয় স্থগিতাদেশ! রাজ্যকে ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ হাইকোর্টের
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের আবহে সিঙ্গুর মামলায় (Singur Case) নতুন মোড়। টাটা মোটরসকে (Tata Motors) ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ সালিশি আদালত (Arbitral Tribunal) দিয়েছিল, তার ওপর ৮ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ (Stay Order) দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অনিরুদ্ধ রায়ের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে সমপরিমাণ অর্থের ব্যাঙ্ক গ্যারান্টি (Bank Guarantee) জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে একটি তিন সদস্যের ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল যে, সিঙ্গুরে কারখানা গড়তে না পারার কারণে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে (WBIDC) টাটাদের এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মেটাতে হবে। সঙ্গে ২০১১ সাল থেকে ১১ শতাংশ হারে সুদ (Interest) এবং মামলার খরচ বাবদ অতিরিক্ত ১ কোটি টাকা দেওয়ার কথাও বলা হয়েছিল। তৎকালীন তৃণমূল সরকার (Trinamool Government) এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়।
তাঁদের অভিযোগ ছিল, ট্রাইব্যুনালের বিচারক টাটা গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট (Biased)। যদিও সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছিল। ২০০৮ সালে তীব্র রাজনৈতিক আন্দোলনের জেরে রতন টাটা সিঙ্গুর থেকে কারখানা গুজরাটের সানন্দে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে নতুন সরকার শপথ নেওয়ার আগেই আদালতের এই স্থগিতাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


