রাজনীতি
‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ থেকে হাই কোর্টের শরণাপন্ন! মুখ্যমন্ত্রী শুভেন্দুর কটাক্ষের পরই আদালতে জাহাঙ্গীর
ডিজিটাল ডেস্কঃ ফলতা (Falta) পুনর্নির্বাচনের আগে আইনি সুরক্ষার দাবিতে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তৃণমূল (TMC) প্রার্থী জাহাঙ্গীর খান (Jahangir Khan)। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা এফআইআর (FIR) দায়ের করা হয়েছে এবং পুনর্নির্বাচনের আগে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা হতে পারে।সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান জাহাঙ্গীরের আইনজীবী। আদালত সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ মামলার শুনানি হতে পারে।
ফলতার ‘ডাকাবুকো’ নেতা হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান ছাব্বিশের নির্বাচনের আগেই রাজনৈতিক মহলে আলোচনায় উঠে আসেন। ভোটের আগে নির্বাচন কমিশনের পাঠানো পুলিশ পর্যবেক্ষক (Police Observer) অজয় পাল শর্মার সতর্কবার্তার পরেও তাঁর “পুষ্পা ঝুঁকেগা নেহি” মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়েছিল। পরবর্তীতে ফলতার ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আগামী ২১ মে পুনর্নির্বাচন এবং ২৪ মে ফলপ্রকাশ হওয়ার কথা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফলতার সভা থেকে জাহাঙ্গীরকে কড়া বার্তা দেন।
অন্যদিকে, জাহাঙ্গীরের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাইদুল খানকে সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ৯ বছর আগের এক খুনের মামলাতেও জাহাঙ্গির-সহ ৯ জনের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গির দাবি করেছেন, তাঁকে রাজনৈতিকভাবে হেনস্থা করার চেষ্টা চলছে।


