নববর্ষে ভিজতে পারে বাংলা, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পেই বৃষ্টি সম্ভাবনা
Connect with us

আবহাওয়া

নববর্ষে ভিজতে পারে বাংলা, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পেই বৃষ্টি সম্ভাবনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলা নববর্ষের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় আকাশ ভেঙে পড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ নববর্ষের প্রথম দিন থেকেই রাজ্যের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে মঙ্গলবার শহরের আকাশ দিনভর আংশিক মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। বিকেলের দিকে কিছু কিছু এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে সামান্য কম।

আবহবিদদের মতে, বিহার ও বাংলাদেশের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলে বৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।

বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেও বুধবার ও বৃহস্পতিবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওইসব এলাকায় দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত।

Advertisement
ads

আলিপুর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। বৃষ্টির ফাঁকে ফাঁকে অবশ্য রোদেরও দেখা মিলতে পারে, তবে স্বস্তির আবহাওয়া থাকছে না বলেই পূর্বাভাস।চলতি সপ্তাহে প্যারাসল, ছাতা কিংবা রেনকোট—সবই হাতের কাছে রাখা মঙ্গল।