বর্ষার শুরুতেই নদী ভাঙনের আতঙ্ক গ্রাস করছে এলাকাবাসীদের
Connect with us

মালদা

বর্ষার শুরুতেই নদী ভাঙনের আতঙ্ক গ্রাস করছে এলাকাবাসীদের

Dipa Chakraborty

Published

on

মানিকচক, ১২ জুন : নদী ভাঙনে জেরবার মালদা জেলার মানিকচক ব্লকের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বর্ষা শুরু হলেই প্রতিবছর নদী ভাঙনে ঘরবাড়ি এমনকি চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে বর্ষা আসার প্রাকমুহুর্তে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন নদীপাড়ের বাসিন্দারা।

নদী ভাঙন রোধে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ চললেও স্থায়ী সমাধান আজও হয়নি নদীপাড়ের বাসিন্দাদের।উল্লেখ্য, নদী ভাঙনে রাতের ঘুম উড়েছে মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি চরের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। প্রতিবছর বর্ষার মরশুমে ভাঙন আতঙ্ক গ্রাস করে এলাকাবাসীদের। এবছর বর্ষা আসার প্রাকমুহুর্তে বিক্ষিপ্ত ভাঙ্গন শুরু হয়েছে হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সুকসেনাঘাট, কেশবপুর সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে। আর এতেই আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভুতনি চরের বেশ কিছু এলাকায় নদী ভাঙনরোধের কাজ চলছে। অবিলম্বে ভুতনি চরের হিরানন্দপুর এলাকায় ভাঙ্গনরোধের কাজ না হলে আগামীদিনে এই এলাকা নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। অবিলম্বে দ্রুত এই এলাকায় ভাঙ্গন রোধের কাজ শুরু করার দাবিও জানিয়েছেন তারা।যদিও এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল জানিয়েছেন, কিছুদিন আগে ওই এলাকায় পরিদর্শনে এসেছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ সেচ দপ্তরের আধিকারিকেরা। বেশ কিছু এলাকায় ভাঙন রোধের কাজ চলছে। তবে নতুন করে যে সমস্ত এলাকায় ভাঙন শুরু হয়েছে সে বিষয়ে প্রশাসনকে জানিয়ে অতি দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।