দেশের খবর
সুনীতা উইলিয়ামসের পর শুভাংশু শুক্লাও, পৃথিবীতে ফেরা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) এখনই ফেরা হচ্ছে না ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla)। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১০ জুলাই পৃথিবীতে ফেরার কথা থাকলেও, সেই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। ঠিক কবে তিনি ও তাঁর সহযাত্রীরা পৃথিবীতে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়। এমনকি দিনক্ষণও ঘোষণা করেনি নাসা (NASA) বা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)।
গত ২৫ জুন অ্যাক্সিওম-৪ (Axiom-4) মিশনের অধীনে মহাকাশে পাড়ি দেন শুভাংশু শুক্লা। সঙ্গে ছিলেন আরও তিন মহাকাশচারী, যাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) স্লায়োজ় উজ়ানস্কি (Sławosz Uznański)। ২৬ জুন তাঁরা পৌঁছন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। ১৪ দিনের জন্য নির্ধারিত ছিল তাঁদের মিশন, কিন্তু আপাতত তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ “খালি হোটেল নয়, ভরা ডাল লেক চাই”, পর্যটকদের নিরাপত্তার আশ্বাস ওমর আব্দুল্লার
ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, স্লায়োজ় ১৪ জুলাইয়ের পরে পৃথিবীতে ফিরবেন। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যাচ্ছে, একইসঙ্গে শুভাংশু শুক্লার ফেরার পরিকল্পনাও পিছিয়ে গিয়েছে। যদিও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা জানানো হয়নি।
মহাকাশে অবস্থানকালে শুভাংশুর গবেষণা ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ফলাফল এনে দিয়েছে। জানা গেছে, তিনি সেখানে মাইক্রো-গ্র্যাভিটি (Microgravity) পরিবেশে ইসরো ও নাসার যৌথ প্রকল্পের অধীনে সাতটি বিষয়ে পরীক্ষা চালাচ্ছেন। এর মধ্যে রয়েছে মুগ ও মেথির বীজ উৎপাদন—যা সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনের স্টোরেজ ফ্রিজারে রাখা হয়েছে।
মহাকাশ গবেষণায় ভারতের এই নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী শুভাংশুর মিশনকে ঘিরে গোটা দেশের উৎসাহ তুঙ্গে। তাঁর ফেরা যতই দেরি হোক না কেন, বিজ্ঞানের সাফল্যের কক্ষপথে তাঁর অবদান নিঃসন্দেহে নতুন দিগন্ত খুলে দিচ্ছে ভারতের মহাকাশ অভিযানে।
