ভাইরাল খবর
“খালি হোটেল নয়, ভরা ডাল লেক চাই”, পর্যটকদের নিরাপত্তার আশ্বাস ওমর আব্দুল্লার
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীর যেন আর আতঙ্কের প্রতিচ্ছবি না হয়—ফের এমন বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা (Omar Abdullah)। বুধবার কলকাতায় (Kolkata) এক অনুষ্ঠানে এসে তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানান, ফের যেন জম্মু-কাশ্মীরের প্রতি আস্থা রাখেন এবং ভ্রমণের পরিকল্পনা করেন।
সরাসরি বলেন, “আমি খালি জম্মু-কাশ্মীর বিক্রি করতে আসিনি। এসেছি আপনাদের আমন্ত্রণ জানাতে—আবার আসুন, কাশ্মীর আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত।”
গত এপ্রিল মাসে পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু কাশ্মীরের পর্যটন শিল্পে বড় ধাক্কা দেয়। পরিস্থিতি বদলেছে, মেনে নিয়েও ওমর বলেন, “২০২৫ আমাদের জন্য সহজ নয়। কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ নিরাপদে এসেছেন ও ফিরেছেন, সেটাই আমাদের কাছে বড় আশ্বাস।”
আরও পড়ুনঃ শৌচাগারে রক্তদাগ দেখেই ছাত্রীদের জামা খুলিয়ে পরীক্ষা, স্কুলে পিরিয়ড পরীক্ষার নামে মানবাধিকার লঙ্ঘন
তিনি জানান, আগে যেখানে দিনে ৫০টিরও বেশি বিমান জম্মু-কাশ্মীরে আসত, হামলার পর তা কমে দাঁড়িয়েছিল মাত্র ১৫-এ। তবে এখন ফের তা বাড়ছে—২০ থেকে ২৫টির মতো বিমান আসছে প্রতিদিন। কলকাতা থেকেও সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে।
ওমর আব্দুল্লা আরও বলেন, “কাশ্মীরের ডাল লেক হোক বা পাহাড়ঘেরা গুলমার্গ—সবই আবার পর্যটকে ভরছে। নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ ও কাশ্মীরের মধ্যে আত্মিক সম্পর্ক বহু পুরনো। “বাংলার মানুষ কাশ্মীরকে যেমন ভালবাসেন, তেমনই আমরাও বাংলাকে সম্মান করি। ৯০-এর দশক থেকেই বাংলার পর্যটকরাই কাশ্মীরের এক বড় অংশ জুড়ে রেখেছেন।”
শেষে তাঁর আবেগঘন অনুরোধ, “আসুন, ঘুরে যান। কাশ্মীর এখন আতিথেয়তায় প্রস্তুত, শুধু আপনাদের অপেক্ষায়।”
