উত্তর দিনাজপুর
আড়াই লক্ষ টাকার বিদেশি মদ সহ ধৃত বিহারের যুবক
নিউজ ডেস্ক , ৩১ মার্চ : গোপন সূত্রে খবর পেয়ে একটি মিনিট্রাক থেকে আড়াই লক্ষ টাকার বিদেশী মদ উদ্ধার করল উত্তর দিনাজপুরের ইসলামপুরের মহকুমার কানকি ফাঁড়ির পুলিশ। জানা গেছে বুধবার ভোর চারটে নাগাদ নম্বর বিহীন একটি মিনিট্রাককে দেখতে পান রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীরা।
গাড়ির পেছনে ও সামনে নম্বর প্লেট না থাকায় সন্দেহ হয় তাদের। এরপর বেশ কিছুটা রাস্তা তাড়া করে গাড়িটিকে আটক করেন পুলিশ কর্মীরা। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে আড়াই লক্ষ টাকার বিদেশী মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিজয় কুমার। তার বাড়ি বিহারের ভাগলপুর জেলার রঙ্গরাচকের ভীমদাসটোলা এলাকায়। ধৃত যুবকের কাছ থেকে প্রচুর মদ বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা। এই ঘটনায় মিনি ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে। এই বেআইনি মদের কারবারে কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
