দুর্ঘটনা
মোদির সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মৃত্যু চার বিজেপি কর্মীর
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) নিয়ে মতুয়াদের (Matua Community) আশঙ্কার আবহেই শনিবার নদিয়ার তাহেরপুরে (Taherpur) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) জনসভা। সকাল থেকেই সভাস্থলে ভিড় বাড়ছিল। ঠিক সেই সময়ই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (Tragic Accident)। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চারজনের, আহত আরও দুইজন।
শনিবার ভোরে কৃষ্ণনগর–রানাঘাট শাখার (Krishnanagar–Ranaghat Line) তাহেরপুর ও বাদকুল্লা (Badkulla) স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও রেল সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহত সকলের বাড়ি মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বড়ঞা থানার সাবলদহ গ্রামে।
জানা যাচ্ছে, শুক্রবার রাতে প্রায় ৪০ জনের একটি দল মুর্শিদাবাদ থেকে মোদির সভায় যোগ দিতে নদিয়ায় আসে। ভোরবেলা কয়েকজন রেললাইনের ধারে প্রাতঃকৃত্য (Morning Ablution) সারতে যান। সেই সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রেন চলে আসে। ঘন কুয়াশা (Dense Fog) থাকায় দৃশ্যমানতা (Visibility) অত্যন্ত কম ছিল। ট্রেন আসছে বুঝতে না পারায় চারজন লাইনে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
মৃতদের নাম রামপ্রসাদ ঘোষ (৭২), মুক্তিপদ সূত্রধর (৬৩), গোপীনাথ দাস (৪৭) এবং আরও একজন। গুরুতর আহত একজনকে শক্তিনগর জেলা হাসপাতালে (Shaktinagar District Hospital) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে কৃষ্ণনগর জিআরপি (GRP), রেল ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি নেতা জগন্নাথ সরকার এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, মতুয়াগড় হিসেবে পরিচিত তাহেরপুরে এদিন প্রায় ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের (Development Projects) উদ্বোধন ও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রীর। রাজনৈতিক দিক থেকেও এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তার আগেই এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


