ভাইরাল খবর
তাহেরপুর সভার আগেই কালো পতাকা, গো-ব্যাক স্লোগানে বিক্ষোভ মতুয়াদের
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) আবহে শনিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নদিয়ার মতুয়াগড় হিসেবে পরিচিত তাহেরপুরে (Taherpur) তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক সভা করার কথা। তবে সভার আগেই কালো পতাকা (Black Flag) দেখিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান (Go-Back Slogan) তুলে বিক্ষোভে নামলেন মতুয়াদের (Matua Community) একাংশ। পাশাপাশি বিভিন্ন এলাকায় পড়েছে মোদী বিরোধী (Anti-Modi) পোস্টার।
বিক্ষোভকারীদের দাবি, এসআইআর প্রক্রিয়ার (SIR Process) ফলে খসড়া ভোটার তালিকা (Draft Voter List) থেকে অসংখ্য মতুয়া পরিবারের নাম বাদ গিয়েছে। এই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতেই তাঁদের এই প্রতিবাদ বলে দাবি আন্দোলনকারীদের।
প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শনিবার সকাল থেকেই তাহেরপুর ও সংলগ্ন এলাকায় উত্তেজনার ছবি ধরা পড়ে। একদিকে সভাস্থলে বিশৃঙ্খলার অভিযোগ, অন্যদিকে বিজেপি (BJP) নেতা-কর্মীদের সভায় যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বহরমপুর সাংগঠনিক জেলা থেকে বিজেপি কর্মীরা তাহেরপুরে আসার পথে ১২ নম্বর জাতীয় সড়কে (NH-12) তাঁদের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ।
এদিকে, সভাস্থলে প্রধানমন্ত্রী পৌঁছনোর আগেই চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে মঞ্চ থেকে বারবার সকলকে বসে পড়ার অনুরোধ জানানো হয়। বিজেপির অভিযোগ, প্রশাসনের ভূমিকা পক্ষপাতদুষ্ট (Biased)। যদিও পুলিশ এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
অন্যদিকে চাকদহের পুমলিয়া এবং বাদকুল্লা (Badkulla) এলাকায় একাধিক মোদী বিরোধী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কোথাও লেখা—‘আমি মতুয়া, তাই কি আমার ভোটার তালিকায় নাম নেই?’ আবার কোথাও প্রশ্ন—‘আসামে ১২ লক্ষ হিন্দু বেনাগরিক, বাংলায় টার্গেট কত?’। পরে যদিও সব পোস্টার ও ব্যানার খুলে দেওয়া হয়।
বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস (TMC) এই পোস্টারের নেপথ্যে রয়েছে। যদিও শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মতুয়া প্রভাবিত বিধানসভা এলাকাগুলিতেই। এই পরিস্থিতিতে তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।


