পুরীর গুন্ডিচা মন্দিরে ভিড়ের চাপে পদপিষ্ট, মৃত্যু ৩ পুণ্যার্থীর, আহত অর্ধশতাধিক
Connect with us

দুর্ঘটনা

পুরীর গুন্ডিচা মন্দিরে ভিড়ের চাপে পদপিষ্ট, মৃত্যু ৩ পুণ্যার্থীর, আহত অর্ধশতাধিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওড়িশার পুরীতে রথযাত্রাকে ঘিরে ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। উৎসবের আনন্দের মাঝে ছায়া ফেলল অব্যবস্থার কালো ছাপ। রবিবার ভোরে গুন্ডিচা মন্দিরের সামনে অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত তিনজন পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। ফের প্রশাসনের দিকে উঠছে গাফিলতির অভিযোগের আঙুল।

পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে চারটে থেকেই গুন্ডিচা মন্দিরের কাছে প্রচুর ভিড় জমতে শুরু করে। রীতি অনুযায়ী, এদিন প্রভু জগন্নাথ (Lord Jagannath), বলরাম (Lord Balabhadra) ও সুভদ্রা (Goddess Subhadra) রথ থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন। সেই দৃশ্য একঝলক দেখতে হাজার হাজার মানুষ জড়ো হন মন্দিরের সামনে। সংকীর্ণ জায়গায় হঠাৎ একটি রীতি পালনের গাড়ি প্রবেশ করতেই শুরু হয় বিশৃঙ্খলা। চাপে ভেঙে যায় ভিড় নিয়ন্ত্রণের জন্য বানানো ব্যারিকেড। মুহূর্তে সৃষ্টি হয় হুড়োহুড়ির, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি।

আরও পড়ুনঃ মহাকাশে শুভারম্ভ, শুভাংশুকে মোদীর বার্তা— হৃদয়ের কাছেই আছেন আপনি

ঘটনাটি ঘটে ভোর চারটে কুড়ি মিনিট নাগাদ। দ্রুত পুলিশ হস্তক্ষেপ করলেও ততক্ষণে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। তাঁদের নাম বাসন্তী সাহু (Basanti Sahu), প্রমকান্ত মোহান্তি (Promakanta Mohanty) ও প্রভাতী দাস (Prabhati Das)। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই ওড়িশার খুরদা জেলার বাসিন্দা।

Advertisement
ads

স্থানীয়দের অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও পুলিশের তরফে ছিল না কোনও বাড়তি প্রস্তুতি। নিরাপত্তার ঘাটতি এবং কর্মীসংখ্যা কম থাকাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন (Prithviraj Harichandan) ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবারও রথ টানার সময় এমনই ভিড়ের কারণে রথযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল। মাত্র দু’দিনের ব্যবধানে ফের একই রকম বিপর্যয়ে প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তবে ওড়িশা সরকার পরিস্থিতির দায় মানুষের অতিরিক্ত উপস্থিতির ওপরেই চাপিয়ে দিয়েছে। আইনমন্ত্রীর দাবি, এবছর ভালো আবহাওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় দেড়গুণ বেশি ভক্ত পুরীতে এসেছেন, ফলে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে।

পুণ্যভূমি পুরীতে উৎসবের দিনে এমন প্রাণহানি রথযাত্রার ইতিহাসে আরও একটি দুঃখজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকল।

Advertisement
ads