মালদা
অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৭ মার্চ : ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বঙ্গের রাজনৈতিক পারদ চড়ছে। এই পরিস্থিতিতে যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন প্রান্তে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
নির্বাচন উপলক্ষে রবিবার গাজোল সহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করার সময়ে পুলিশকর্তাদের মুখে শোনা গেল নিরাপত্তার আশ্বাস। এদিন এলাকার মানুষদের সাথে কথা বলার পাশাপাশি তাদের বিভিন্ন অভিযোগও শোনেন তাঁরা। পাশাপাশি নিজস্ব বুথে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার পরামর্শ দেন পুলিশ আধিকারিকের। পাশাপাশি যে কোনোরকম অসুবিধায় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ারও আবেদন জানানো হয় প্রশাসনের তরফে। এদিনের রুটমার্চে জওয়ানদের সঙ্গে অংশ নেন গাজোল থানার পুলিশ আধিকারিকেরাও। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়েছে। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভা ভোট রাজ্যে। ভোট ঘোষণার পরই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা। এই প্রেক্ষাপটে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বাড়তি নজরদারি।
