প্রার্থীপদ প্রত্যাহারের দাবীতে এবারের বিক্ষোভে তৃণমূলের নেতা কর্মীরা, করা হল জাতীয় সড়ক অবরোধ
Connect with us

মালদা

প্রার্থীপদ প্রত্যাহারের দাবীতে এবারের বিক্ষোভে তৃণমূলের নেতা কর্মীরা, করা হল জাতীয় সড়ক অবরোধ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৭ মার্চ : গত শুক্রবারই ঘোষণা হয়েছে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় প্রার্থীপদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে তৃণমূলের নেতা কর্মীরা। রবিবার মালদার বৈষ্ণবনগরেও দেখা গেল একই চিত্র।

এদিন প্রার্থীপদ পরিবর্তনের দাবীতে বিক্ষোভ দেখালো দলের নেতা কর্মীরা। বৈষ্ণবনগরে ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন দলের বিভিন্ন বুথের সভাপতি, পঞ্চায়েত স্তরের নেতৃত্ব, তৃণমূল যুব, মহিলা, জয়হিন্দ বাহিনী সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মীরা। মনোনীত প্রার্থী চন্দনা সরকারের বিরুদ্ধে কাটমানি সহ নানা দূর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা। স্থানীয় কালিচক ৩নম্বর বুথের সাধারণ সম্পাদক মহম্মদ সোনামূল হক জানিয়েছেন, মনোনীত প্রার্থী চন্দনা সরকার ও তার স্বামী বিভিন্ন প্রকল্পে কাটমানি নিয়েছেন। তাদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন রয়েছে জনমানসে। ফলে তার প্রার্থীপদ বাতিলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। কিন্তু প্রার্থীপদ বাতিল না করা হলে বুথস্তর, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। নেওয়া হবে বৃহত্তর আন্দোলনের কর্মসুচীও। এরই পাশাপাশি চন্দনা সরকারের পরিবর্ত হিসেবে প্রাক্তন তৃণমূল যুব জেলা সভাপতি অম্লান ভাদূড়িকে প্রার্থীপদ প্রদানেরও দাবী তুলেছেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা।