দেশের খবর
উত্তরবঙ্গ নিয়ে বাজেটে বড় ঘোষণা! শিলিগুড়ি-বারাণসী হাই স্পিড রেল করিডর
ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ (Union Budget 2026-27) পেশ করতে গিয়ে রেল পরিকাঠামোয় বড়সড় বিনিয়োগের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। রবিবার সংসদে (Parliament) বাজেট ভাষণে তিনি জানান, দেশের অর্থনৈতিক গতি বাড়াতে মোট ৭টি হাই-স্পিড রেল করিডর (High-Speed Rail Corridor) চালু করা হবে। এই করিডরগুলিকে তিনি আখ্যা দেন ‘গ্রোথ কানেক্টর’ (Growth Connector) হিসেবে।
প্রস্তাবিত করিডরগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শিলিগুড়ি–বারাণসী হাই স্পিড রেল করিডর (Siliguri–Varanasi High Speed Rail Corridor)। সরকারের মতে, এই রুট উত্তর ও পূর্ব ভারতের যোগাযোগে ঐতিহাসিক পরিবর্তন আনবে এবং শিলিগুড়িকে ‘নর্থ-ইস্ট গেটওয়ে’ (North-East Gateway) হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
অন্য ছ’টি হাই-স্পিড করিডর হল—মুম্বই–পুনে, পুনে–হায়দরাবাদ, হায়দরাবাদ–বেঙ্গালুরু, হায়দরাবাদ–চেন্নাই, চেন্নাই–বেঙ্গালুরু এবং বেঙ্গালুরু–বারাণসী। অর্থমন্ত্রীর দাবি, এই রেল সংযোগগুলি চালু হলে যাত্রার সময় কমবে, লজিস্টিক খরচ (Logistics Cost) হ্রাস পাবে এবং শিল্প, বাণিজ্য ও পর্যটনে গতি আসবে।
পাশাপাশি সুরাট–ডানকুনি একটি নতুন ডেডিকেটেড ফ্রেট করিডর (Dedicated Freight Corridor) এবং আগামী পাঁচ বছরে ২৫টি নতুন জাতীয় জলপথ (National Waterways) চালুর কথাও ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের লক্ষ্য, যাত্রী ও পণ্য পরিবহণ—উভয় ক্ষেত্রেই আধুনিক ও দক্ষ অবকাঠামো গড়ে তোলা।
