দুর্ঘটনা
মোমো কারখানায় আগুন! ঝলসে মৃত্যুর আশঙ্কা ৬ কর্মীরই?
ডিজিটাল ডেস্কঃ ছুটির শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident)। কলকাতার আনন্দপুরে (Anandapur) একটি মোমো তৈরির কারখানায় (Momo Factory) রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন (12 Fire Tenders)। তবে সরু গলির মধ্যে কারখানাটি হওয়ায় আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের।
ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন কারখানার নাইট ডিউটিতে থাকা তিন নিরাপত্তারক্ষী ও আরও কয়েকজন কর্মী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানান, প্রাথমিকভাবে তিন নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তবে দমকল এখনও মূল উৎসস্থলে পৌঁছতে না পারায় মোট ছয় কর্মীর ঝলসে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
নাজিরাবাদ রোডে অবস্থিত ওই কারখানায় প্রচুর পাম তেল (Palm Oil), দাহ্য সামগ্রী (Inflammable Materials) ও গ্যাস সিলিন্ডার মজুত ছিল। ফলে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। কারখানার একটি বড় অংশ ইতিমধ্যেই ভস্মীভূত। বাইরে পড়ে থাকতে দেখা যায় একটি বাইক ও পোড়া সরঞ্জাম।
নিখোঁজ কর্মীদের পরিবারের দাবি, ঘটনার সময় ফোনে ধোঁয়ায় দমবন্ধ হওয়ার কথা জানিয়েছিলেন এক কর্মী। সেটাই ছিল শেষ যোগাযোগ। স্থানীয়দের অভিযোগ, আগেও এখানে আগুন লেগেছিল, কিন্তু মালিকপক্ষ সতর্কতা উপেক্ষা করেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে দমকল ও পুলিশ যৌথ তদন্ত (Joint Investigation) শুরু করেছে।
