দুর্ঘটনা
আনন্দপুরে ভয়াবহ আগুন! পুলিশের জালে মোমো কোম্পানির ম্যানেজার-ডেপুটি
ডিজিটাল ডেস্কঃ আনন্দপুরের মোমো কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় তদন্তে আরও গতি আনল পুলিশ। এবার গ্রেপ্তার করা হল মোমো সংস্থার দুই আধিকারিককে। ধৃতরা হলেন সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট (Manager) ও ডেপুটি ম্যানেজার (Deputy Manager) রাজা চক্রবর্তী। নরেন্দ্রপুর থানার (Narendrapur Police Station) পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে নরেন্দ্রপুর এলাকা থেকেই তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবারই তাঁদের বারুইপুর মহকুমা আদালতে (Baruipur Sub-Divisional Court) তোলা হবে। ধারাবাহিক জেরা (Interrogation) চালানোর জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।
এর আগে মঙ্গলবার ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁর জেরা থেকেই কারখানা ও গুদাম সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের রাতে কারখানা ও গুদামের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ভিতরে থাকা শ্রমিকরা বেরোতে না পেরে জীবন্ত দগ্ধ হন। এমনকী আগুন লাগার পর অনেকে মোবাইলে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করেছিলেন।
ঘটনার পাঁচদিন পরও উদ্ধার হচ্ছে দেহাংশ। এখনও পর্যন্ত মোট ২৫টি দেহাংশ উদ্ধার হয়েছে। ডিএনএ পরীক্ষা (DNA Test) শুরু হয়েছে পরিচয় জানার জন্য। মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও ক্রমশ তীব্র হচ্ছে।
