রাজনীতি
“প্রয়োজন হলে আগামীকালই পদ ছাড়ব” — ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
ডিজিটাল ডেস্কঃ ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্র থেকে চব্বিশের নির্বাচনে সাত লক্ষেরও বেশি ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। ভোটার বৃদ্ধির অভিযোগ ও ভুয়ো ভোটার প্রসঙ্গে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) কটাক্ষের জবাবে অভিষেক জানালেন—প্রয়োজন হলে আগামীকালই পদত্যাগ করতে রাজি। শর্ত, কেন্দ্র সরকার লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন ঘোষণা করুক।
এদিকে, বিহারে ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ নাম। বিরোধীদের অভিযোগ, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই পদক্ষেপ। বাংলায়ও SIR চালু হতে পারে বলে জল্পনা তৈরি হতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।
আরও পড়ুনঃ সচিন-পুত্রের এনগেজমেন্টে আলোচনায় সানিয়া চন্দোক, কে এই শিল্পপতি পরিবারের কন্যা?
কয়েকদিন আগে অভিষেক স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন—“SIR-এর নামে একজন বাঙালির নাম বাদ গেলেই, এক লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করব।” তার কথায়, বিজেপি ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তুললেও, জনগণের রায় তারা মেনে নিতে পারছে না।
বিহারের ঘটনাকে সামনে রেখে বাংলার রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ বেড়েছে। তৃণমূলের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার খর্বের চেষ্টা চলছে। অন্যদিকে, বিজেপির দাবি, ভোটার তালিকা পরিশোধন স্বচ্ছ নির্বাচনের জন্য জরুরি। তবে অভিষেকের এই ‘আগামীকাল পদত্যাগ’ চ্যালেঞ্জে নতুন মাত্রা পেল ডায়মন্ড হারবার কেন্দ্রের রাজনৈতিক লড়াই।
