দেশের খবর
বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, ডিটেনশন ক্যাম্পে স্থগিতাদেশে অনীহা শীর্ষ আদালতের
ডিজিটাল ডেস্ক: বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে জনস্বার্থ মামলা (PIL) নিয়ে আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি হয়। অভিযোগ— দিল্লি, হরিয়ানা, ওড়িশা, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই শ্রমিকদের সন্দেহ করে আটক বা ডিটেনশন ক্যাম্পে (Detention Camp) পাঠানো হচ্ছে।
ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়েলফেয়ার বোর্ডের হয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhushan) আদালতে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক সার্কুলারের জেরেই এই ধরনের হেনস্থা হচ্ছে। তিনি ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানান।
আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরে প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
তবে বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, বৈধ নাগরিকদের সুরক্ষায় ব্যবস্থা থাকা জরুরি হলেও, যদি সত্যিই কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে, তাদের আটক না করলে তারা ভিড়ে মিশে যেতে পারে। তাই এই পর্যায়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়।
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে— যে কোনও রাজ্যের অধিকার আছে পরিযায়ী শ্রমিকদের বাসস্থান ও পরিচয় যাচাই করার। পাশাপাশি, এই মামলায় ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তর প্রদেশ, ছত্তিসগঢ়, হরিয়ানা, দিল্লি ও পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যের কাছে হলফনামা তলব করা হয়েছে। আদালতের মতে, রাজ্যগুলির উত্তর আসার পরেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।
