ভাইরাল খবর
না” বলার সাজা অ্যাসিড! প্রেমিকের হাতে ভয়ংকর পরিণতি তরুণীর
ডিজিটাল ডেস্কঃ বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামে প্রেমের সম্পর্কের ভয়ংকর পরিণতি। বিয়েতে রাজি না হওয়ায় এক তরুণীর মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই তরুণী, পুড়ে গিয়েছে মুখসহ শরীরের একাধিক অংশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম আবীর সেখ। রবিবার বিকেলে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে ওই তরুণীকে মাঠের মধ্যে আটকায় অভিযুক্ত। সেখানেই প্রেমিকা রিজিয়া সুলতানাকে তৎক্ষণাৎ বিয়ে করার প্রস্তাব দেয় সে। কিন্তু সেই মুহূর্তে বিয়েতে রাজি হননি রিজিয়া। অভিযোগ, এরপরই আবীর শেখ পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে সরাসরি তার মুখে ছুড়ে মারে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা আহত তরুণীকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। পুলিশ অভিযুক্ত আবীর শেখকে দ্রুত গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
