ভাইরাল খবর
ডাইনি সন্দেহে মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত বৌমা আটক
ডিজিটাল ডেস্কঃ মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোহরাতলা গোবিন্দপুর এলাকায় এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। পুলিশ এই ঘটনায় তাঁর বৌমা ও এক আত্মীয়কে আটক করেছে।
আরও পড়ুনঃ অ্যাপ ক্যাব বাজারে বড় চমক, কেন্দ্র আনছে ‘সহকার ট্যাক্সি’
আক্রান্ত মহিলার অভিযোগ, কয়েক বছর আগে অসুস্থতার কারণে তাঁর দুই ছেলের মৃত্যু হয়। এরপর থেকেই তাঁর বৌমা তাঁকে ডাইনি বলে অপবাদ দিতে শুরু করে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। বুধবার সেই অত্যাচার চরমে ওঠে, যখন বৌমা তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে। মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই বৌমা ও এক আত্মীয়কে আটক করেছে।
তবে মহিলার এক ছেলের দাবি, পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সভাপতি সুনীল দাস জানিয়েছেন, এই ধরনের ঘটনার পেছনে পারিবারিক বিবাদ বা জমি সংক্রান্ত বিরোধও থাকতে পারে।
