দেশের খবর
অ্যাপ ক্যাব বাজারে বড় চমক, কেন্দ্র আনছে ‘সহকার ট্যাক্সি’
ডিজিটাল ডেস্কঃ ওলা ও উবেরের একাধিপত্য কমাতে এবার নতুন ক্যাব পরিষেবা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, খুব শীঘ্রই চালু হবে ‘সহকার ট্যাক্সি’ পরিষেবা, যা চালকদের সরাসরি উপকৃত করবে। এই নতুন অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা সমবায় সংগঠনগুলোর মাধ্যমে পরিচালিত হবে, যেখানে চালকদের আয়ের ওপর কোনও অতিরিক্ত চার্জ কাটা হবে না। ফলে ভাড়ার পুরো টাকাই চালকদের পকেটে যাবে। দুই চাকা, তিন চাকা এবং চার চাকার যানবাহন এই পরিষেবায় অন্তর্ভুক্ত থাকবে।
আরও পরনঃ যশবন্ত বর্মার বাড়িতে টাকা উদ্ধার মামলায় জরুরি শুনানিতে ‘না’ আদালতের
এই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সহকার সে সমৃদ্ধি’ প্রকল্পের অংশ বলে জানিয়েছেন শাহ। সরকারের দাবি, এটি কেবলমাত্র একটি ঘোষণা নয়, বরং সাড়ে তিন বছর ধরে চলা নিরলস পরিশ্রমের ফসল। ওলা-উবেরের ক্রমবর্ধমান ভাড়ার কারণে কেন্দ্রের এই পদক্ষেপ। সম্প্রতি অভিযোগ উঠেছে, স্মার্টফোনের মডেলভেদে অ্যাপ ক্যাব পরিষেবাগুলি আলাদা ভাড়া নির্ধারণ করছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA) ওলা ও উবেরকে নোটিশ পাঠায়। যদিও দুই সংস্থাই অভিযোগ অস্বীকার করেছে।
২০২৪ সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় দুটি ভিন্ন ফোনে একই রুটের উবের রাইডের ভাড়ার পার্থক্য সামনে আসার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এই ‘ভাড়ার বৈষম্য’ নিয়ে কেন্দ্রীয় সরকার তদন্ত শুরু করেছে এবং ভোক্তা বিষয়ক মন্ত্রী একে ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’ বলে উল্লেখ করেছেন। এমন পরিস্থিতিতে ‘সহকার ট্যাক্সি’ ওলা-উবেরের বিকল্প হিসেবে কতটা জনপ্রিয় হবে, তা সময়ই বলবে।
