ভাইরাল খবর
রাজ্যে ১২ রাজনৈতিক দল স্বীকৃতি হারানোর পথে, নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন
ডিজিটাল ডেস্কঃ একসময় দার্জিলিং পাহাড়ের রাজনীতিতে দাপট ছিল যাদের হাতে, আজ তাদের রাজনৈতিক অস্তিত্বই প্রশ্নের মুখে। ছ’বছরেরও বেশি সময় ধরে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ না নেওয়ায় রাজ্যের মোট ১২টি নথিভুক্ত রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিলের প্রক্রিয়া শুরু করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।
মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-কে চিঠি পাঠিয়ে এই ১২টি দলের কার্যকলাপ সম্পর্কে ‘সুস্পষ্ট মতামত’ চেয়েছে কমিশন। তালিকায় রয়েছে প্রয়াত সুবাস ঘিসিংয়ের প্রতিষ্ঠিত গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (GNLF) এবং অতুল রায় প্রতিষ্ঠিত কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (KPP)। এছাড়াও আছে ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি, আম্বেদকরবাদী পার্টি, পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লিগ এবং নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টি-র মতো নাম।
আরও পড়ুনঃ আবারও নজরকাড়া সাফল্য, কন্যাশ্রী প্রকল্পে রাজ্যে শীর্ষস্থান ধরে রাখল উত্তর দিনাজপুর
কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট দলগুলিকে নোটিস পাঠিয়ে নিষ্ক্রিয়তার কারণ জানতে হবে। পাশাপাশি এই তথ্য সর্বসাধারণের কাছে পৌঁছতে সোশ্যাল মিডিয়া প্রচার এবং সর্বভারতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলা হয়েছে, দলগুলির বক্তব্য সংগ্রহ করে এক মাসের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, সারা দেশজুড়েই দীর্ঘদিন নিষ্ক্রিয় নথিভুক্ত রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করার কাজ চলছে।
এর আগে জুন মাসে রাজ্যের আটটি দলকে একইভাবে স্বীকৃতি বাতিলের প্রশ্নে নোটিস পাঠানো হয়েছিল। তখনও প্রাক্তন শাসক বামফ্রন্ট-এর দুই শরিক ডিএসপি (প্রবোধ চন্দ্র) ও ইন্ডিয়ান পিপল’স ফরওয়ার্ড ব্লক-এর নাম তালিকায় ছিল।
রাজনীতির আঙিনায় সক্রিয় উপস্থিতি হারালে যে দলের নামও হারিয়ে যেতে পারে, এবার তার কড়া বার্তা দিয়ে দিল কমিশন।
