বিজ্ঞানীর করুণ পরিণতি: পার্কিং নিয়ে বিবাদ, প্রতিবেশীর হামলায় মৃত্যু
Connect with us

ভাইরাল খবর

বিজ্ঞানীর করুণ পরিণতি: পার্কিং নিয়ে বিবাদ, প্রতিবেশীর হামলায় মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের মাটিতে ফিরেছিলেন বিজ্ঞানচর্চার উদ্দেশ্যে, অথচ নির্মম পরিণতি হল তাঁর। সুইৎজারল্যান্ড থেকে ফিরে সম্প্রতি মোহালির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চ (IISER)-এ যোগ দিয়েছিলেন ৩৯ বছর বয়সী বিজ্ঞানী ডঃ অভিষেক স্বর্ণকার। কিন্তু কয়েক মাসের মধ্যেই এক ভয়াবহ ঘটনার শিকার হলেন তিনি। পার্কিং সংক্রান্ত এক তুচ্ছ বচসা পরিণত হল প্রাণঘাতী সংঘর্ষে—প্রতিবেশীর হামলায় মৃত্যু হল এই গবেষকের।

অভিষেক স্বর্ণকার মোহালির সেক্টর ৬৭-তে একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তাঁর প্রতিবেশী মন্টির সঙ্গে বাইক পার্কিং নিয়ে বাদানুবাদ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মন্টি আচমকা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং একাধিকবার শারীরিকভাবে আক্রমণ করেন। আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অভিষেক তখনই গুরুতর আহত হয়ে পড়েন।

আরও পড়ুনঃহাসিনার অপসারণের পর সীমান্তে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশ, নজরদারি আরও কঠোর করল ভারত

পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তর্কাতর্কির পর মন্টি অভিষেককে ধাক্কা দেন, তিনি পড়ে গেলে আরও কয়েকবার আঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিষেকের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে।

Advertisement
ads

গবেষণার পাশাপাশি অভিষেক স্বর্ণকার ব্যক্তিগতভাবে শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি ছিলেন। কিছুদিন আগেই তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল, এবং তিনি নিয়মিত ডায়ালিসিস নিচ্ছিলেন। পরিবারের মতে, এই শারীরিক দুর্বলতার কারণে হামলার আঘাত তাঁর জন্য মারাত্মক হয়ে ওঠে। পুলিশও প্রাথমিক তদন্তে মনে করছে, গুরুতর চোটের সঙ্গে শারীরিক অসুস্থতাও তাঁর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। অভিষেক স্বর্ণকারের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী এবং ছাত্রসমাজ শোকস্তব্ধ। পরিবারের সদস্যরা অভিযুক্ত মন্টির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশ্বাস দিয়েছে, দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।