দক্ষিণ দিনাজপুর
জোরদার প্রচারে বালুরঘাটের বিজেপি প্রার্থী, বহিরাগত বলে কটাক্ষ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ০৭ এপ্রিল : বালুরঘাট শহরের সবচেয়ে বড় বাজারে সকাল সকাল ভোটের প্রচার করলেন বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। বুধবার মাছ ও সবজি বাজারে প্রচার করেন তিনি।
সঙ্গে সারেন বাজারও। উল্লেখ্য বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে দিল্লি থেকে এনে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। স্বাভাবিকভাবেই এতদিন তিনি বালুরঘাটের একটি বেসরকারি লজে থেকেই নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ করেছেন। ফলে বেশিরভাগ দিন হোটেলে আহার পর্ব সেরেছেন। তবে ভোটে দাঁড়ানোয় তিনি বালুরঘাট শহরে একটি বাড়ি ভাড়া নিয়েছেন। ফলে সাংসারিক কারণেই এদিন থেকে তাঁকে বাজার যেতে হয়। প্রচারের পাশাপাশি এদিন বাজারও সেরে নেন তিনি। প্রার্থীকে বাজার করতে দেখে খুশি ব্যবসায়ীরাও। এদিকে বিজেপি প্রার্থীর বাজার করাকে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকী। তিনি বলেন, বিজেপি প্রার্থী বহিরাগত। বালুরঘাটে বাড়ি ভাড়া নিয়েছেন। তাকে বাজার করতে হতেই পারে। কিন্তু তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত বালুরঘাটের ভূমিপুত্র। তিনি সারা বছরই বাজার করেন। আলাদা করে পরিচিতি করার প্রয়োজন নেই।
