ভাইরাল খবর
ভিআইপি কনভয় ছেড়ে মেট্রো-অটো চড়ে নবান্নে রেলমন্ত্রী! অশ্বিনী বৈষ্ণবের সাদামাটা সফরে চমক
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে এক ব্যতিক্রমী নজির গড়লেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। প্রথামাফিক ভিআইপি কনভয় (VIP convoy) ছেড়ে সাধারণ মানুষের মতোই গণপরিবহন ব্যবহার করে নবান্নে পৌঁছলেন তিনি। কলকাতা বিমানবন্দরে নেমে প্রথমে ‘জয় হিন্দ’ স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোয় সফর করেন রেলমন্ত্রী। এরপর নোয়াপাড়া থেকে নবান্নে যাওয়ার পথে একটি সাধারণ অটোতেও চড়েন তিনি, যা পথচলতি মানুষের নজর কেড়েছে।
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে মেগা বৈঠকের পর বাংলার রেল পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা করেন রেলমন্ত্রী। উত্তরবঙ্গের জন্য সবচেয়ে বড় উপহার হিসেবে শিলিগুড়ি-দিল্লি বুলেট ট্রেনের (Bullet train) ঘোষণা করেন তিনি, যা মাত্র ৬ ঘণ্টায় গন্তব্যে পৌঁছাবে।
এছাড়া, কলকাতা মেট্রোর আধুনিকীকরণে আগামী ৫ বছরে ৬০টি নতুন রেক (New rakes) আনা এবং বাণিজ্য প্রসারে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ‘ইস্ট-ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেট করিডর’ তৈরির কথা জানান। রাজ্যজুড়ে ১০২টি ‘অমৃত ভারত স্টেশন’ এবং ৫৩৮টি নতুন ফ্লাইওভার ও আন্ডারপাস তৈরি করা হবে। পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দেগে রেলমন্ত্রী বলেন, আগের সরকার রেলের কাজ আটকাতে আদালতে যেত, তবে এখন ডবল ইঞ্জিন সরকারে হাত খুলে উন্নয়ন (Development) হবে।
