মাছের বদলে পুকুরে মিলল বন্দুক-কার্তুজ! এসটিএফের অভিযানে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
Connect with us

ভাইরাল খবর

মাছের বদলে পুকুরে মিলল বন্দুক-কার্তুজ! এসটিএফের অভিযানে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির মণিপুর এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ (STF) এক চাঞ্চল্যকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি রবিন দাস এবং তাঁর ভাই গোপাল দাসের বাড়ি ও সংলগ্ন এলাকায় তল্লাশি (Search operation) চালানো হয়। বাড়ি ছাড়াও তল্লাশি চলে লাগোয়া একটি পুকুরে, যেখান থেকে উদ্ধার হয় রাশি রাশি বেআইনি অস্ত্র ও কার্তুজ। প্রাথমিক তদন্তে অনুমান, এলাকায় অশান্তি (Unrest) ছড়ানোর উদ্দেশ্যেই এই অস্ত্রভাণ্ডার মজুত করা হয়েছিল।

এই ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র উত্তেজনা (Tension) ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্দেশখালি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (Central forces) মোতায়েন করা হয়। অন্য একটি অভিযানে বাসন্তী হাইওয়ের কাছে কুমিরখালি এলাকা থেকেও ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। উল্লেখ্য, আগের রাতেই এনআইএ (NIA) দ্বারা গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই অস্ত্র উদ্ধারের স্থানটি শওকতের বাড়ির কাছাকাছি হওয়ায় দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বভাবতই শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Political controversy)। বিজেপি বিধায়ক সজল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন, “আগে পুকুর থেকে মাছ উঠত, এখন তৃণমূলের আমলে গুলি-বোমা-বন্দুক উঠছে।” নির্বাচনের ফলাফল অন্যরকম হলে এই অস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার হতো বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া (Official reaction) পাওয়া যায়নি। অভিযুক্ত দুই ভাই আপাতত পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।