ধর্ম
তারকেশ্বরে শ্রাবণী মেলার সূচনা, ভক্তদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ আজ থেকে শুরু হল হুগলির তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ তীর্থযাত্রী ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায় প্রতিবারের মতো এবারও সমবেত হচ্ছেন এই পবিত্র তীর্থক্ষেত্রে। মেলার সূচনায় ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এক্স (X) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “তারকনাথের মাহাত্ম্যে ধন্য এই তীর্থভূমিতে প্রতি শ্রাবণ মাসেই লক্ষাধিক মানুষ আসেন শিবদর্শনে। আমি সকল পুণ্যার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
বাংলার হুগলি জেলার ঐতিহ্যবাহী তারকেশ্বর শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। বাবা তারকনাথের মাহাত্ম্যধন্য এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতিবছরই গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আশীর্বাদ কামনায় সমাগম ঘটে লক্ষ-লক্ষ ভক্তবৃন্দের। আমি এই মেলায় আগত সেই সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক…
— Mamata Banerjee (@MamataOfficial) July 10, 2025
সঙ্গে রাজ্য সরকারের নেওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তারকেশ্বর ও আশেপাশের অঞ্চলে রাস্তা, পানীয় জল, স্নানঘাট, বিশ্রামাগার, দুধপুকুর সংস্কার, অগ্নিনির্বাপণ ও স্বাস্থ্যপরিষেবা উন্নয়ন—সব ক্ষেত্রেই উদ্যোগ নিয়েছে সরকার।
নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ, নজরদারি ক্যামেরা এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
তাঁর বার্তা, “ভক্তরা যেন সতর্কতার সঙ্গে যান, ভালোভাবে জল ঢেলে নির্ঝঞ্ঝাটে ফিরুন।” রাজ্য সরকারের তৈরি ‘তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ’ এই কাজে সদা-সক্রিয় বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
