রাজনীতি
গাড়ির ভেতরে বিজেপি নেত্রী ও তৃণমূল নেতার মদ্যপান! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক মঞ্চে একে অপরের কড়া প্রতিপক্ষ হলেও, গোপনে কি ঘনিষ্ঠ যোগাযোগ? জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে ভাইরাল হওয়া এক ভিডিও সেই প্রশ্নই তুলে দিল নতুন করে। স্থানীয় সূত্রে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভিতরে বসে মদ্যপান করছেন এক তৃণমূল নেতা (TMC Leader) এবং এক বিজেপি নেত্রী (BJP Leader)। এই দৃশ্য ধরা পড়তেই হতবাক এলাকাবাসী, মুহূর্তে শুরু হয় ভিডিও রেকর্ডিং।
ভিডিওটি নিয়ে এখনও কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, ঘটনা ঘিরে অস্বস্তি বেড়েছে দুই শিবিরেই। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, অভিযুক্ত নেত্রী বিজেপির মহিলা মোর্চার (Mahila Morcha) পদে রয়েছেন এবং যাঁকে পাশে দেখা গিয়েছে, তিনি জলপাইগুড়ির একজন তৃণমূল জনপ্রতিনিধি।
আরও পড়ুনঃ তারকেশ্বরে শ্রাবণী মেলার সূচনা, ভক্তদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। দেখা যাচ্ছে, পরিস্থিতি বুঝে প্রথমে তৃণমূল নেতা এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন। তবে সফল না হয়ে পালাতে উদ্যত হন। একইভাবে, বিজেপি নেত্রীও গ্লাস আড়াল করে গাড়ি থেকে বেরিয়ে যান।
স্থানীয়রা জানিয়েছেন, গাড়ির ভিতর থেকে মদের গন্ধ পাচ্ছিলেন তাঁরা, সেই কারণেই বিষয়টি সামনে আনা হয়। এলাকাবাসীর একাংশের দাবি, দুই দলের নেতাদের মধ্যে গোপন বোঝাপড়ার এই ঘটনাই প্রমাণ করে রাজনীতির বাইরে রয়েছে এক ভিন্ন সমীকরণ।
তবে ঘটনাটির সত্যতা এখনও যাচাই করা হয়নি। দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
