রাজনীতি
বিধানসভা ২০২৬ লক্ষ্য করে ‘পুরনো সৈনিক’কে ফের ময়দানে আনতে চায় বিজেপি?
ডিজিটাল ডেস্কঃ দলীয় পদ নেই, ২০২৪-এ হারিয়েছেন সাংসদ পদও। তবু বাংলার রাজনীতির ‘মার্কেট ভ্যালু’ এখনও শেষ হয়নি—এই বার্তা যেন নিজের মতো করে আবারও দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা করার ঠিক একদিন পরেই বুধবার সকালে হাজির হলেন দিল্লিতে, বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে।
সকাল থেকেই চলছিল জল্পনা—হঠাৎ দিল্লি সফরের কারণ কী? সেখানে কি আবার কোনও নতুন দায়িত্ব পাচ্ছেন দিলীপ? এই প্রশ্নের জবাব এদিন বিকেলে শিব প্রকাশ (Shiv Prakash)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই দিলেন তিনি।
দিলীপের বক্তব্য, “বাংলা নিয়ে শিব প্রকাশের অনেক অভিজ্ঞতা আছে। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই আলোচনা হয়েছে। এবার আমাদের আরও ১০০টি আসন জেতা দরকার। সেই লক্ষ্যে কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, তা নিয়েই আলোচনা হল।”
আরও পড়ুনঃ মোবাইল চুরির অপবাদে উল্টো করে ঝুলিয়ে মারধর, দেড় মাস নিখোঁজ থাকার পর ফিরল ইসলামপুরের কিশোর
তবে কি কেন্দ্রীয় কমিটিতে আবার ফিরছেন দিলীপ? তিনি জানান, এখনও পর্যন্ত কোনও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। কেন্দ্রীয় কমিটি তৈরি হলে তবেই সিদ্ধান্ত হবে।
বিধানসভায় প্রার্থী হওয়ার জল্পনার মধ্যেই দিলীপ বলেন, “দেখি পার্টি কীভাবে চায়। আমি আগে বিধানসভা ও লোকসভা দুটোতেই লড়েছি। দলের প্রয়োজন হলে যেটা দরকার, সেটাই করব।”
রাজনীতিতে সক্রিয় ভূমিকা না থাকলেও নিজের উপস্থিতি এবং প্রাসঙ্গিকতা যে তিনি বজায় রেখেছেন, দিল্লির এই সফর সেই ইঙ্গিতই স্পষ্ট করে দিল।
