আত্মহত্যা
SIR আতঙ্ক! এনুমারেশন ফর্ম নিয়ে দুশ্চিন্তায় চরম পদক্ষেপ বৃদ্ধার
ডিজিটাল ডেস্কঃ এনুমারেশন ফর্ম (Enumeration Form) না পাওয়া এবং বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision) ঘিরে দুশ্চিন্তাই মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিল দুই নাগরিককে—এমনই দাবি তাঁদের পরিবারের। কলকাতার পূর্ব পুটিয়ারিতে ৬৭ বছরের যমুনা মণ্ডল ফর্ম পাওয়ার আগের উদ্বেগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে অভিযোগ। দুই দিন আগে ফর্ম হাতে পেলেও সেই আতঙ্ক কাটেনি। এরপর সোমবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন তিনি। এমআর বাঙুর হাসপাতালে (MR Bangur Hospital) নিয়ে গেলে মৃত্যু হয় বৃদ্ধার।
মৃতার ছেলে মৃত্যুঞ্জয় মণ্ডলের দাবি—বাড়ির আশপাশের সবাই এনুমারেশন ফর্ম পেয়ে গেছে, কিন্তু তাঁদের বাড়িতে না আসায় মা খুব দুশ্চিন্তায় ছিলেন। নার্ভের সমস্যা (Nerve Disorder) থাকায় মানসিক চাপ আরও বেড়ে যায়। ফর্ম পাওয়ার পরও আতঙ্ক কাটেনি তাঁর মায়ের।
এদিকে দক্ষিণ দমদমেও ঘটেছে আরেকটি মৃত্যু। বৈদ্যনাথ হাজরা (৪৬), যাঁর বাড়ি দক্ষিণ দমদম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে, SIR আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় কয়েকদিন ধরেই তিনি আতঙ্কে ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সিসিটিভিতে (CCTV) ধরা পড়ে তাঁর ছবি। রবিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রীর অভিযোগ—স্বামী SIR–এর চাপেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃত্যু নিয়ে আতঙ্ক বাড়ছে। তৃণমূল অভিযোগ করেছে—ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপির কার্যকলাপেই মানুষ ভয় পাচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি—তৃণমূলই ইচ্ছে করে এই আতঙ্ক ছড়াচ্ছে।
