এনুমারেশন ফর্মে ভুল বলে OTP চাইলে কী করবেন? সতর্কতা জারি কমিশনের
Connect with us

রাজ্যের খবর

এনুমারেশন ফর্মে ভুল বলে OTP চাইলে কী করবেন? সতর্কতা জারি কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR)-এর জন্য এনুমারেশন ফর্ম (Enumeration Form) পূরণ করেছেন। কিন্তু ফর্ম সঠিকভাবে জমা হয়েছে কি না—এই সংশয়েই যখন অনেক ভোটার উদ্বিগ্ন, তখনই প্রতারকরা নতুন কৌশলে সক্রিয়। মোবাইলে হঠাৎ একটি ওটিপি (OTP) এলে পরে কেউ ফোন করে বলে—ফর্মে ভুল রয়েছে, আপডেট করতে ওটিপিটি দিতে হবে! এই প্রবণতা বাড়তেই ভোটারদের সতর্ক করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO Office)।

প্রেস বিবৃতি দিয়ে সিইও অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে—জাতীয় নির্বাচন কমিশন (ECI) বা সিইও অফিস কখনও SIR বা এনুমারেশন সংক্রান্ত কারণে কারও মোবাইলে OTP পাঠায় না এবং ফোন করে OTP জানতে চাওয়াও সম্পূর্ণ ভুয়ো। কলকাতা পুলিশও এই সতর্কবার্তা সমাজ মাধ্যমে শেয়ার করেছে।

কেন এই সতর্কবার্তা?
ওয়াকিবহাল মহলের বক্তব্য, সাইবার প্রতারণা (Cyber Fraud) ক্রমেই বাড়ছে। ফর্ম সঠিক হয়েছে কি না, তা ভাবতে ভাবতেই সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারেন। BLÖ বা কমিশনের পরিচয় দিয়ে ফর্ম ভুলের নামে OTP চাইলে বহু মানুষ প্রতারণার শিকার হতে পারেন। তাই আগেভাগেই সতর্কবার্তা জারি করল কমিশন।

কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় এই সমস্যা দেখা দিচ্ছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় সতর্ক হতে বলেছিলেন। এমনকী বারাসতের কদম্বগাছিতে শনিবার OTP প্রতারণা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দেখা দেয়। সেই পরিস্থিতিতেই সোমবার প্রেস বিবৃতি প্রকাশ করে কমিশন।

Advertisement
ads

এদিকে, আজ (১৮ নভেম্বর) কলকাতায় আসছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। মঙ্গলবার কলকাতা উত্তর ও দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত। এরপর ৩টা থেকে ৫টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার আধিকারিকদের সঙ্গে বৈঠক। সেখান থেকে টিম রাতেই রওনা দেবে কৃষ্ণনগরের উদ্দেশে।
১৯ নভেম্বর নদিয়া ও মুর্শিদাবাদ, ২০ নভেম্বর মালদায় বৈঠক শেষে বন্দে ভারত এক্সপ্রেসে ফিরে আসবে কলকাতায়।
২১ নভেম্বর সকালে নিউটাউনে ইভিএম ফার্স্ট লেভেল চেকিং (FLC) নিয়ে কর্মশালায় অংশ নেবেন কমিশনের প্রতিনিধিরা।