ভাইরাল খবর
বঙ্গ বিজেপির দায়িত্বে শমীক ভট্টাচার্য, সায়েন্স সিটিতে সংবর্ধনায় তৃণমূলকে হঠানোর বার্তা
ডিজিটাল ডেস্কঃ বঙ্গ বিজেপির নেতৃত্বে এল নতুন মুখ, রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয় রাজ্য সভাপতির ব্যাটন। আগেই জল্পনা ছিল, বুধবার দুপুরে তা কার্যত নিশ্চিত হয়ে যায়।
নতুন সভাপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানান শমীক। তাঁর মন্তব্য, “এই রাজ্যে এখন আর কোনও একক মুখ রাজনীতি নিয়ন্ত্রণ করছে না। বাংলার মানুষ স্থির করে ফেলেছেন—তৃণমূলের দিন শেষ। এবার সম্মিলিত লড়াইয়ের সময়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), কেন্দ্রীয় নেতারা সুনীল বনশল (Sunil Bansal), রবিশঙ্কর, মঙ্গল পাণ্ডে ও অমিত মালব্য (Amit Malviya)। তবে গরহাজির ছিলেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)—এ নিয়ে রাজনৈতিক মহলে ফের চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ‘প্রধান প্রতিরক্ষা অংশীদার’ হিসেবে ভারতকে মান্যতা আমেরিকার, চুক্তির পথে দুই দেশ
দলের কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “শুধু কপালে বা সোশ্যাল মিডিয়ায় নয়, নিজের কর্মক্ষমতার উপর জোর দিতে হবে। প্রতি বুথে ৩০ জন করে যোদ্ধা তৈরি করাই হোক শমীকদাকে দেওয়া আসল সংবর্ধনা।”
২০১৭ সালে সর্বশেষ এই পদে বদল হয়েছিল। এবার সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী পরিবর্তন আসা অবশ্যম্ভাবী ছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দলের ‘পুরনো’ ও ‘নতুন’ নেতাদের মধ্যে সেতুবন্ধন গড়ার ক্ষমতাই শমীককে এগিয়ে দিয়েছে।
প্রচারমুখ, অভিজ্ঞ, দীর্ঘদিনের সাংগঠনিক কাজে যুক্ত শমীক এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপিকে সংগঠিত করে কতটা শক্ত ভিত গড়তে পারেন, সেটাই দেখার।
