ভাইরাল খবর
রাজ্য বিজেপির সভাপতিপদে শমীক ভট্টাচার্য, নড্ডার নির্দেশে মনোনয়ন আজই
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিজেপির রাজনীতিতে আসতে চলেছে বড় রদবদল। সূত্রের খবর, রাজ্য বিজেপির সভাপতি পদে শীঘ্রই দায়িত্ব নিতে চলেছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বুধবার থেকে শুরু হয়েছে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। আর সেখানেই ঐকমত্যের ভিত্তিতে একমাত্র মনোনয়নপত্র জমা দিতে চলেছেন প্রাক্তন বিধায়ক শমীকবাবু। দিল্লি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা (JP Nadda) তাঁকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানান বলে খবর।
বিষয়টি যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘এটা দলীয় অভ্যন্তরীণ বিষয়। যা কিছু সিদ্ধান্ত, তা দলের প্রক্রিয়ার মাধ্যমেই হবে।’’ তবে দলের একাধিক সূত্র এই সিদ্ধান্তের ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে ফেলেছে।
আরও পড়ুনঃ মানসিক ভারসাম্যহীন মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা
গতকাল, মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে—কে হতে চলেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-এর উত্তরসূরি। এমন পরিস্থিতিতে শমীক ভট্টাচার্যের হঠাৎ দিল্লি সফর, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসা—সব মিলিয়ে তাঁর নাম প্রায় নিশ্চিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
দলীয় সূত্র অনুযায়ী, বুধবার দুপুর ২টো নাগাদ বিধাননগরের বিজেপির রাজ্য সদর দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন শমীকবাবু। এই মুহূর্তে আর কোনও বিকল্প নাম নেই বলেই জানানো হয়েছে। ফলে আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে তাঁর নাম কার্যত চূড়ান্ত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখপাত্র এবং সংগঠক হিসেবে শমীক ভট্টাচার্যের দক্ষতা দীর্ঘদিন ধরেই দলের মধ্যে প্রশংসিত। দলের কড়া সমালোচনার জবাবে স্পষ্ট ও দৃঢ় অবস্থান গ্রহণের কারণে সংবাদমাধ্যমেও তাঁর গ্রহণযোগ্যতা যথেষ্ট। সেই কারণেই তাঁকে সংগঠনের শীর্ষে বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির ভবিষ্যৎ কৌশল ঠিক করার জন্য এক নতুন দিশা আসতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এবার তাঁর নেতৃত্বে বিজেপি ঠিক কোন পথে হাঁটে, তা দেখার জন্য মুখিয়ে রাজনৈতিক মহল।
