জেলার খবর
ট্যাংরার ছায়া এবার বীরভূমেও! মা ও দুই সন্তানের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য
বঙ্গের বুকে হাড়হিম করা উত্তেজনা ছড়িয়েছে ট্যাংরা কান্ড। যদিও ময়নাতদন্তের রিপোর্টে খুনের উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হল কিভাবে খুন হল গৃহবধূ-মেয়ে? আপাতত সেই সব প্রশ্নের কিনারা করছেন পুলিশ কর্মীরা। কিন্তু এর মধ্যে শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ালো বীরভূমের কান্ড নিয়ে।
ট্যাংরার ছায়া এবার বীরভূমেও। একই পরিবারের তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার। মা ও দুই সন্তানের রহস্য মৃত্যুতে ব্যাপক উত্তেজনা এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজারের ম্যানেজার পাড়া গ্রামে। সেখানেই আজ সকালে একটি বাড়ি থেকে মা ও দুই সন্তানের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুন – ২৮ হাজার টাকা শপিং বান্ধবীর! বচসার জেরে গাড়িতেই গুলিবিদ্ধ চন্ডীতলা থানার IC
স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম লক্ষ্মী মার্ডি (২৫), রুপালি মার্ডি (১০), অভিজিৎ মার্ডি (৫)। এদিন সকালে দেহ দেখতে পেয়ে মহাম্মদ বাজার থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়েই আঘাত করা হয়েছে তিনজনকে। সম্ভবত তিনজন কেই খুন করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ মহাম্মদ বাজার থানার পুলিশ।
জানা গিয়েছে মৃতেরা সম্পর্কে মা ও ছেলে-মেয়ে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতার স্বামী লালু মার্ডি কর্মসূত্রে জেলার বাইরে থাকেন। তিনি বর্তমানে রয়েছেন দুর্গাপুর। তবে কি কারণে এই রহস্য মৃত্যু? কেন খুন করা হল মা ও দুই সন্তানকে? পুরোনো কোনো শত্রুতার জেরেই কি এই খুন? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
