ভাইরাল খবর
ডিজিটাল ক্রিকেটে সারা তেন্ডুলকরের অভিষেক, মুম্বই ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক
ডিজিটাল ডেস্কঃ শচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর এবার ডিজিটাল ক্রিকেটের জগতে পা রাখলেন। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ (জিইপিএল)-এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই দলের নতুন মালিক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
গত বছর শুরু হওয়া এই ডিজিটাল ক্রিকেট টুর্নামেন্ট এবার দ্বিতীয় সিজনে প্রবেশ করেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠা এই ই-ক্রিকেট ও এন্টারটেনমেন্ট লিগ পরিচালনা করে ‘রিয়াল ক্রিকেট’। এটির ডাউনলোড ইতিমধ্যেই ৩০ কোটি ছাড়িয়েছে। প্রথম মৌসুমেই ২ লক্ষ প্রতিযোগী অংশ নেন, যেখানে দ্বিতীয় মৌসুমে সেই সংখ্যা বেড়ে ৯ লক্ষ ১০ হাজার ছাড়িয়ে গেছে। শুধু অংশগ্রহণই নয়, দর্শকদের সংখ্যাতেও রেকর্ড গড়েছে এই ই-লিগ। স্পোর্টস ১৮ এবং জিও সিনেমার মাধ্যমে সম্প্রচারিত এই ই-ক্রিকেট প্রতিযোগিতা ৭ কোটি দর্শক উপভোগ করেছেন। স্ট্রিমিংয়ের সময়সীমাও ২৪ লক্ষ মিনিট অতিক্রম করেছে।
আরও পড়ুনঃমহারণের সাক্ষী থাকবে বাংলা! মুখোমুখি KKR-SRH, ঘুরে দাঁড়ানোর সুযোগ
মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়ার পর সারা তেন্ডুলকর তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ক্রিকেট আমাদের পরিবারের রক্তে মিশে আছে। ই-স্পোর্টসেও এর বিশাল সম্ভাবনা রয়েছে। মুম্বই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা আমার কাছে স্বপ্নপূরণের মতো। প্রতিভাবান একটি দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
সারা তেন্ডুলকরের এই নতুন পদক্ষেপ ই-স্পোর্টসের ভবিষ্যতের দিকেও গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তারকা পরিবারের সদস্য হিসেবে তাঁর এন্ট্রি ই-ক্রিকেট লিগকে আরও জনপ্রিয়তা এনে দেবে বলে ধারণা করা হচ্ছে
