দেশের খবর
শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষার্থীদের পাশে সলমন! মিলল সরকারের ওপর আস্থার বার্তা
ডিজিটাল ডেস্কঃ দেশের উন্নত শিক্ষাব্যবস্থার (Education System) দাবিতে রাজধানী দিল্লিতে আন্দোলনরত (Protest) শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এই আন্দোলনকে কোনওভাবেই রাজনৈতিক (Political) স্বার্থে ব্যবহার করা উচিত নয়। এদিকে ছাত্র আন্দোলন নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি শাহরুখ খান, আমির খান-সহ বলিউডের একাধিক প্রথম সারির তারকা।
বুধবার গভীর রাতে সামাজিক মাধ্যমে নিজের ছাত্রজীবনের একটি সাদাকালো ছবি শেয়ার করে দীর্ঘ বার্তা দেন সলমন। তিনি লেখেন, প্রশ্নপত্র ফাঁস (Paper Leak) শিক্ষাব্যবস্থার অত্যন্ত গুরুতর সমস্যা। উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে দেশের ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের একজোট হওয়া অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন অভিনেতা। সলমনের কথায়, আন্দোলনের শুরুটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ (Peaceful)। কিন্তু পরে পরিস্থিতি সহিংস (Violence) হয়ে ওঠায় তিনি দুঃখ প্রকাশ করেন। আহত শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। পাশাপাশি বলেন, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার ক্ষেত্রে ছাত্রদের সাহস ও দৃঢ়তা সত্যিই প্রশংসার যোগ্য।
তবে পড়ুয়াদের সমর্থন জানালেও সলমন স্পষ্ট করে বলেন, এই আন্দোলন শিক্ষার্থী ও দেশের শিক্ষাব্যবস্থার বিষয়। তাই একে রাজনৈতিক হাতিয়ার (Political Tool) বানানো উচিত নয়। তাঁর বিশ্বাস, সরকারও শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অভিনেতা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন সময় আসবে যখন বিদেশ থেকেও পড়াশোনার জন্য শিক্ষার্থীরা ভারতে আসবে এবং ভারত একটি ‘এডুকেশন হাব’ (Education Hub) হিসেবে প্রতিষ্ঠিত হবে।
উল্লেখ্য, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সম্প্রতি ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের অভিযোগের পর বিষয়টি জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ইতিমধ্যেই শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল সলমন খানের নাম।
