ভাইরাল খবর
২০২৬ ভোটের আগে বাংলায় আরএসএসের সংগঠন বিস্তার, নতুন শাখা খোলার নির্দেশ
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Assembly Election)কে লক্ষ্য করে পশ্চিমবঙ্গে নিজেদের সংগঠনকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে কোমর বেঁধে নেমেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)। রাজস্থানের যোধপুরে সদ্যসমাপ্ত সমন্বয় বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সঙ্ঘ সূত্রে খবর।
মূল লক্ষ্য, বাংলার ঘরে ঘরে সঙ্ঘের মতাদর্শ ও কর্মকাণ্ড পৌঁছে দেওয়া। বিশেষ করে উত্তরবঙ্গে (North Bengal), যেখানে সংগঠনের কাঠামো তুলনামূলক দুর্বল—সেই অঞ্চলকে অগ্রাধিকারের ভিত্তিতে শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। শাখা (Local Units) বৃদ্ধির পাশাপাশি স্থানীয় প্রচারকদের (Pracharak) আরও সক্রিয় করার কৌশলও নেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গ (South Bengal) ও অন্যান্য জেলাতেও, যেখানে এখনও পর্যন্ত শাখা কম রয়েছে, সেখানেও অবিলম্বে নতুন শাখা খোলার জন্য নির্দেশ পাঠানো হয়েছে।
২০২৫ সালে বিজয়া দশমীর দিন শতবর্ষে পা দেবে সঙ্ঘ। সেই উপলক্ষে দেশজুড়ে বিশেষ প্রচারাভিযান (Campaign) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচারের মূল উদ্দেশ্য—গত ১০০ বছরে সঙ্ঘ কীভাবে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়েছে, দেশ গঠনের কাজে কিভাবে যুক্ত থেকেছে, সেই তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা।
সঙ্ঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) সম্প্রতি দিল্লিতে এক সভায় সঙ্ঘের দর্শন ব্যাখ্যা করেছেন। এবার তাঁর বাংলায় আসার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জানা গিয়েছে, রাজ্যের একাধিক সম্মেলনে সরাসরি অংশ নেবেন তিনি।


