দক্ষিণ দিনাজপুর
বালুরঘাটেও অভিযানে পুলিশ, বন্ধ করা হল বাজারঘাট
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৬ মে :করোনা প্রতিরোধে লকডাউন কার্যকর করতে রবিবার সকাল দশটার পর থেকেই দক্ষিণ দিনাজপুরে আসরে নামে পুলিশ প্রশাসন। বালুরঘাটে খোলা রাখা দোকানপাট বন্ধ করে দেওয়ার পাশাপাশি একাধিক জায়গায় নজরদারি ও নাকাচেকিং চালানো হয়।
করোনা মোকাবিলায় রবিবার থেকে শুরু হল রাজ্য জুড়ে কড়া লকডাউন। সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছাড় মুদি দোকান ও বাজারে। যদিও দশটার পর অনেককেই বাজার করতে দেখা যায়। অনেকেই লকডাউনের কারণে বেশি করে বাজার সামগ্রী কিনতে দেখা গিয়েছে। এদিকে সকাল দশটার পর লকডাউন সফল করতে আসরে নামে বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। নির্দিষ্ট সময় পর খোলা রাখা দোকান বন্ধ করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন তারা। এছাড়াও যারা অকারণে রাস্তায় বেড়িছে তাদের বাড়ি ফিরিয়ে দেয় পুলিশ। এদিকে করোনার প্রকোপ রুখতে রবিবার সকালে বালুরঘাট থানার কর্তব্যরত পুলিশ ও সিভিক কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার এবং ফেস শিল্ড বিতরণ করল স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন সংগঠনের সদস্যরা বালুরঘাট থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ ও সিভিক কর্মীদের মধ্যে মাস্ক, সেনিটাইজার ও ফেস শিল্ড বিতরণ করেন। কারণ করোনার প্রকোপ রুখতে প্রথম সারির যোদ্ধা পুলিশকর্মীরা। তাই পুলিশকর্মীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য এই উদ্যোগ বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
