দেশ
কোভিশিল্ড টিকা নেওয়ার পর স্বাস্থ্য কর্মীর মৃত্যুর অভিযোগ, মানতে নারাজ স্বাস্থ্য দফতরের
নিউজ ডেস্ক , ১৮ জানুয়ারী : উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলা হাসপাতালে করোনা টিকা নেওয়ার পর মৃত্যু হয়েছে ওয়ার্ড বয় পদে কর্মরত এক ব্যক্তির। এঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। তাদের অভিযোগ করোনা টিকা নেওয়ার আগে কোনো শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি মহিপাল সিং নামে ওই স্বাস্থ্যকর্মীর।
উত্তরপ্রদেশের মোরাদাবাদে টিকা নেওয়ার পর এক স্বাস্থ্য কর্মীর মৃত্যুর ঘটনায় আলোড়ন ছড়িয়েছে রাজ্যে। মহিপাল সিং নামে ওই স্বাস্থ্যকর্মী মোরাদাবাদ জেলা হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। গত ১৬ ই জানুয়ারি তাকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়। এরপরই আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই স্বাস্থ্যকর্মীর। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। ১৭ ই জানুয়ারি তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, করোনা টিকা দেওয়ার আগে মহিপাল সিংয়ের কোন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেনি জেলা স্বাস্থ্য দপ্তর। এমনকি টিকা নেওয়ার আগে তিনি সুস্থ-সবল ছিলেন। টিকা দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত মহিপাল সিংয়ের পরিবারের সদস্যরা। যদিও জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে হৃদযন্ত্র বিকল হওয়াতেই মহিপাল সিংয়ের মৃত্যু হয়েছে। যদিও স্বাস্থ্য দফতরের এই যুক্তি মানতে নারাজ মৃত মহিপাল সিংয়ের বাড়ির লোকজন।
