খুন
নয়ডায় ২৬ বছরের নিক্কির হত্যাকাণ্ডে নতুন মোড়, প্রকাশ্যে এল স্বামীর পরকীয়া ও হেনস্থার অভিযোগ
Digital Desk: নয়ডায় পণের দাবিতে গৃহবধূ নিক্কি ভাটির (Nikki Bhati, ২৬) মর্মান্তিক হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়। মূল অভিযুক্ত স্বামী বিপিন ভাটির (Bipin Bhati) পরকীয়া সম্পর্ক নিয়ে পুলিশের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। জানা গিয়েছে, ২০২৪ সালে বিপিনের প্রেমিকা তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে এফআইআর করেছিলেন। সেই মামলায় নিক্কির নামও জড়িয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, গত বছরের অক্টোবরে গ্রেটার নয়ডা থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। অভিযোগে উল্লেখ ছিল, নিক্কি ও তাঁর দিদি কাঞ্চন (Kanchan) হাতেনাতে ধরে ফেলেছিলেন বিপিন ও ওই তরুণীকে। নিজেকে রক্ষা করতে গিয়ে প্রেমিকাকেই মারধর করেছিলেন বিপিন।
নিক্কির দিদি কাঞ্চনের অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার পণের টাকা নিয়ে শুরু হয় অশান্তি। স্বামী বিপিন ও শাশুড়ি দয়া ভাটি (Daya Bhati) মিলে নিক্কিকে মারধর করেন। পরে গায়ে পেট্রল ঢেলে জীবন্ত অবস্থায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন নিক্কির ৭ বছরের ছেলে। চোখের সামনে মাকে জ্বলতে দেখেছে সে, এবং পুলিশকে ঘটনার বিস্তারিত বয়ান দিয়েছে। বর্তমানে শিশুটি তার দাদু-দিদার কাছে রয়েছে।
মৃতার বাবা জানান, মেয়ে হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারায়। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির পক্ষ থেকে বারবার গাড়ি, গয়না, এমনকি ৬০ লক্ষ টাকা পর্যন্ত দাবি তোলা হয়েছিল। নিক্কির ইনস্টাগ্রামে সক্রিয়তা ও সেলুন ব্যবসাও শ্বশুরবাড়ির কাছে অপছন্দের ছিল।
ইতিমধ্যেই নিক্কির স্বামী বিপিন, শ্বশুর-শাশুড়ি এবং দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসে উঠেছে মৃতার পরিবার ও সাধারণ মানুষ। এই ঘটনায় পণের নামে নারী নির্যাতনের বিভীষিকা ফের সামনে এল।


