দেশের খবর
ত্রিনিদাদে নরেন্দ্র মোদী! বিদেশি প্রধানমন্ত্রীকে ‘বিহার কি বেটি’ বলে সম্বোধন কেন?
ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষিতেই বিদেশ সফরে গেলেও বিহার সংযোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার ঘানা সফর সেরে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোব্যাগোতে (Trinidad and Tobago) পৌঁছন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসর (Kamla Persad-Bissessar)। সেখানেই উঠে এল ‘বিহার কি বেটি’র প্রসঙ্গ।
পোর্ট অফ স্পেনে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদি জানান, “কমলাজির পূর্বপুরুষরা বিহারের বক্সার (Buxar) জেলার বাসিন্দা ছিলেন। তাই অনেকেই তাঁকে ‘বিহার কি বেটি’ বলে ডাকেন। তিনি নিজেও বিহারে গিয়েছেন একাধিকবার। এখানেও যাঁরা বসে আছেন, তাঁদের অনেকেরই শিকড় এই রাজ্যের সঙ্গেই যুক্ত।” রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী নির্বাচনের কথা মাথায় রেখে মোদি এই সফরেও ‘বিহার কার্ড’ খেলে গেলেন কৌশলে।
প্রধানমন্ত্রীর আগমনে পোর্ট অফ স্পেনে আয়োজন করা হয়েছিল ভোজপুরি চৌতালের (Bhojpuri Chautal)। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও মোদি নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, “ত্রিনিদাদ ও টোব্যাগোর সঙ্গে ভারতের সম্পর্ক বহু প্রাচীন, বিশেষত উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও বিহারের (Bihar) মানুষের সঙ্গে এই দেশের নাড়ির টান রয়েছে।”
A cultural connect like no other!
Very happy to have witnessed a Bhojpuri Chautaal performance in Port of Spain. The connect between Trinidad & Tobago and India, especially parts of eastern UP and Bihar is noteworthy. pic.twitter.com/O751WpAJc5
— Narendra Modi (@narendramodi) July 3, 2025
উল্লেখ্য, এই সফরে প্রধানমন্ত্রী অযোধ্যার (Ayodhya) রামমন্দিরের একটি ক্ষুদ্র রেপ্লিকা ও সরযূ নদীর (Saryu River) জল উপহার দেন সেখানকার জনগণকে। মোদির কথায়, “অযোধ্যার রামমন্দির নির্মাণের সময় এখানকার মানুষ ভক্তিভরে জল পাঠিয়েছিলেন। সেই আবেগেরই প্রতীক এই উপহার।”
ত্রিনিদাদ সফর সেরে প্রধানমন্ত্রী শনিবার পৌঁছাবেন আর্জেন্টিনায় (Argentina), তারপর ব্রাজিলে (Brazil) ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিয়ে সবশেষে নামিবিয়া (Namibia) সফরে যাবেন তিনি। সফরের লক্ষ্য—দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা।
