ভাইরাল খবর
ব্যস্ত রাস্তায় নার্সকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ল দুষ্কৃতী, তদন্তে চার বিশেষ দল
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটে (Meerut) ফের নৃশংস অ্যাসিড হামলার (Acid Attack) ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ভরা সন্ধ্যাবেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা এক নার্সকে লক্ষ্য করে পেছন থেকে অ্যাসিড ছুঁড়ে পালাল এক যুবক। ঘটনায় গুরুতর জখম হন ওই ৩৮ বছর বয়সি মহিলা, যিনি পেশায় একজন নার্স (Nurse) এবং তিন সন্তানের মা।
ঘটনাটি ঘটেছে মীরাটের লোহিয়া নগর (Lohia Nagar) এলাকায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের (Eyewitnesses) বয়ান অনুযায়ী, অটো (Auto) ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ওই মহিলা। সেই সময় হঠাৎ এক যুবক পিছন দিক থেকে তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে দিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
প্রথমে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত মীরাট মেডিকেল কলেজে (Meerut Medical College) স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত নার্স লোহিয়া নগরের বাসিন্দা। তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রি (Mason)। এমন ভয়াবহ হামলার ঘটনায় আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
মীরাটের সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (SSP) বিপিন টাডা জানান, ঘটনার দ্রুত তদন্তের স্বার্থে সিটি এসপি-র নেতৃত্বে চারটি বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) গঠন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে।
পুলিশের প্রাথমিক অনুমান, হামলাকারী যুবক নাবালক (Minor) হতে পারে। নির্যাতিত নারীর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যত দ্রুত সম্ভব দোষীকে গ্রেফতার করে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই বর্বর ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও শহরের ব্যস্ত রাস্তায় কীভাবে এমন হামলা চালাতে পারল এক দুষ্কৃতী?


