হামলা
বিয়ের আগে রাতেই নরকযন্ত্রণা, তরুণীর মুখে অ্যাসিড ছুঁড়ল প্রাক্তন
ডিজিটাল ডেস্কঃ বিয়ের আগের রাতে প্রেমের প্রতিহিংসায় ঘটে গেল নারকীয় ঘটনা। উত্তরপ্রদেশের মাও (Mau) জেলায় এক তরুণীর উপর অ্যাসিড ছুঁড়ে হামলা চালানোর অভিযোগে প্রাক্তন প্রেমিক এবং তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি ওই তরুণীর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানায়, বছর পঁচিশের ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত জনম সিং প্যাটেল (Janam Singh Patel)-এর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। এর পর তরুণীর অন্য এক যুবকের সঙ্গে বিয়ে স্থির হয়। তবে এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি জনম। অভিযোগ, বিয়ে রুখতেই অ্যাসিড হামলার ষড়যন্ত্র করেন তিনি।
বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন তরুণী একাই আর সেই পথে বাইকে করে এসে তরুণীর পথ আটকায় জনম ও তাঁর দুই সঙ্গী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণী প্রথমে ভয় পেয়ে যান। তখনই জনম আক্রমণাত্মক হয়ে বলেন, “যদি তুমি আমার না হও, তাহলে কারও হতে দেবে না।” এরপরই তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়।
আরও পড়ুনঃ পাক তরুণীর সঙ্গে গোপন বিবাহ, জাতীয় নিরাপত্তার শঙ্কায় বরখাস্ত সিআরপিএফ জওয়ান
মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ শুরু করেন তরুণী। আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে তাঁকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে আজমগড়ের (Azamgarh) একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তরুণীর মুখ, গলা, কাঁধ এবং হাতের বড় অংশ গুরুতরভাবে দগ্ধ হয়েছে।
তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। ধৃত জনম সিং ও তাঁর দুই সঙ্গী প্রাথমিক জেরায় হামলার কথা স্বীকার করে নিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মহলে উত্তেজনা ছড়িয়েছে নারীদের নিরাপত্তা নিয়ে। পুলিশ জানিয়েছে, দোষীদের কঠোর শাস্তির দাবিতে মামলা দ্রুত গতিতে এগোনো হবে।
