ভাইরাল খবর
২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়: “আমেরিকার প্রেসিডেন্ট কন্ট্রোল করছেন কেন্দ্রকে”
ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি দাবি করেন, “আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট”—এই মন্তব্যে নতুন করে রাজনীতিতে আন্তর্জাতিক প্রসঙ্গ উঠে এল।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় বাংলা ভাষা ও বাঙালিয়ানার প্রতি কেন্দ্রের ‘অবহেলা’র বিরুদ্ধে সরব হন। বলেন, “আমি বাংলায় কথা বলি, তাতে যদি অ্যারেস্ট করেন, করুন। কিন্তু বাংলাকে অসম্মান করলে বরদাস্ত করব না। ভাষা আন্দোলন হলে আবার হবে।” তিনি অভিযোগ করেন, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকরা আজ ভাষাগত কারণে হেনস্থার শিকার হচ্ছেন।
আরও পড়ুনঃ দ্বিদেশীয় সফরে প্রধানমন্ত্রী: ব্রিটেনে FTA, মালদ্বীপে কৌশলগত বার্তা নিয়ে যাচ্ছেন মোদি
প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন—“টেলিপ্রম্পটার দেখে বাংলা বললেই হবে? মনটা বড় করতে শিখুন। কাশ্মীরের মাটিতে এত রক্ত ঝরল, তবু পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না কেন?” একই সঙ্গে তাঁর কটাক্ষ, “হিন্দু, মুসলমান, খ্রিস্টান—আপনারা কিছুই না, আপনাদের চালায় আমেরিকা।”
পাশাপাশি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “যখন কোমরে দড়ি বেঁধে ট্রাম্প পাঠিয়ে দিচ্ছেন, তখন আপনারা কিছু বলেন না। আগে আয়নায় নিজেকে দেখুন।”
উল্লেখ্য, কয়েকদিন আগেই ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পহেলগাঁও হামলা ও তার পরবর্তী ভারত-পাক উত্তেজনা নিয়ে আমেরিকার ভূমিকার প্রশ্ন তোলেন। এবার সেই সুরে সুর মিলিয়ে সরাসরি ২১ জুলাইয়ের ভাষণেও মার্কিন প্রভাবের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
