ভাইরাল খবর
“বাংলা বলায় জেল? লড়াই হবে দিল্লিতেও”: ২১ জুলাইয়ে হুঁশিয়ারি মমতার
ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্বাভিমানের প্রশ্নে ফের আগুন ঝরালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ জুলাই ধর্মতলার শহিদ দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন, “বাংলা ভাষার উপর সন্ত্রাস আর বরদাস্ত নয়। প্রয়োজনে জীবন দেব, তবু আত্মসমর্পণ নয়।”
বাংলা ভাষায় কথা বলার কারণে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “এবার ফের শুরু হবে Language Movement। বাংলার সংস্কৃতি, ভাষা, ইতিহাসের অপমান আমরা কোনওভাবেই মেনে নেব না।” তিনি জানান, প্রতিবাদ শুরু হবে ২৭ জুলাই নানুর দিবস থেকে— চলবে পরবর্তী নির্বাচন পর্যন্ত।
তৃণমূল সুপ্রিমোর ভাষায়, “তৃণমূলের দর্শন একটাই— বাম ও বিজেপিকে বিসর্জন দিতে হবে। বাংলাকে অসম্মান করলে, আমরা চুপ থাকব না।” কর্মীদের উদ্দেশে তাঁর নির্দেশ, রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা-মিছিল করে ভাষা ও সংস্কৃতি রক্ষার বার্তা পৌঁছে দিতে হবে।
আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়: “আমেরিকার প্রেসিডেন্ট কন্ট্রোল করছেন কেন্দ্রকে”
রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়েও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলায় তৈরি হচ্ছে ছ’টি নতুন Economic Zone। দেউচা-পাঁচামিতে কাজ শুরু হচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে রয়েছেন, তারা এবার ফিরে আসুন। এখানে কাজের অভাব হবে না।”
প্রধানমন্ত্রীর আসানসোল সফর ও কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধন নিয়েও কটাক্ষ করেন মমতা। বলেন, “৫৪ কোটি টাকা রাজ্য দিয়েছে, আর আপনি এসে ফিতে কাটছেন? এটা আর চলবে না।”
সিঙ্গুর-নন্দীগ্রামের আত্মত্যাগের স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা— “বাংলার মাটি দুর্বৃত্তদের হতে দেব না। দরকার হলে আবার আন্দোলনের পথে হাঁটব।”