শ্মশানঘাটের বিশ্রামাগারের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর পরিমানে তাজা বোমা উদ্ধার
Connect with us

উত্তর দিনাজপুর

শ্মশানঘাটের বিশ্রামাগারের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর পরিমানে তাজা বোমা উদ্ধার

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৮ ফেব্রুয়ারি : শ্মশানঘাটের বিশ্রামাগারের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইটাহার সদর পাইকপাড়া এলাকায় শ্মশানঘাটের বিশ্রামাগারের পার্শ্ববর্তী এলাকা থেকে দুটি ব্যাগের মধ্যে থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করে ইটাহার থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোম স্কোয়াডের সদস্যরাও। বোম গুলি কে উদ্ধার করার পাশাপাশি এলাকারই একটি ফাঁকা মাঠে বোমগুলি নিষ্ক্রিয় করেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা।

উল্লেখ্য, এর আগেও সর্ষের জমি থেকে বিপুল পরিমানে বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। ইটাহার থানার শুলিয়াপাড়া এলাকায় জাতীয় সড়ক থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি সর্ষে খেতে ব্যাগের মধ্যে থেকে বিপুল সংখ্যক বোমা উদ্ধার করে ইটাহার থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিআইডি টিম এবং বোম স্কোয়াডের সদস্যরাও। মোট ৩৬ টি সকেট বোম সহ হাতবোমা দুষ্কৃতীরা অসামাজিক কাজের উদ্দেশ্যে এখানে মজুদ করে রেখেছিলো। বোমগুলিকে উদ্ধার করার পাশাপাশি এলাকারই একটি ফাঁকা মাঠে বোমগুলি নিষ্ক্রিয় করেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের প্রাকমুহুর্তে ফের ইটাহার থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। এক মাসের ব্যবধানে ইটাহারে দুবার বোম উদ্ধারের ঘটনায় আতঙ্কিত তারা। স্থানীয় এক বাসিন্দা রতন দাস জানিয়েছেন, ইটাহার সদর পাইকপাড়া এলাকায় শ্মশানঘাটের বিশ্রামাগারের পার্শ্ববর্তী এলাকায় কিছু মানুষ কাজ করতে আসে। সেসময় তারা লক্ষ্য করেন দুটি ব্যাগ পড়ে রয়েছে এলাকায়। তখনই তারা দেখেন কে বা কারা এই এলাকাতে দুটি ব্যাগ ভর্তি তাজা বোমা ফেলে রেখেছে। এরপর খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকে। কোথা থেকে এতো পরিমাণে বোমা মজুদ করা হলো তা নিয়ে রীতিমতো চিন্তায় এলাকার বাসিন্দারা। অপর এক বাসিন্দা দুলাল চন্দ্র দাস জানিয়েছেন, ইটাহারের পাইকপাড়া এলাকায় শ্মশানঘাটের বিশ্রামাগারের পার্শ্ববর্তী এলাকায় বোমা উদ্ধারের ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা। এর আগেও ইটাহারের অপর একটি এলাকা থেকে প্রচুর পরিমাণে বোম উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অবিলম্বে এলাকাতে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন এলাকাবাসীরা। এ ঘটনায় রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ইটাহারের পাইকপাড়া শ্মশানঘাটের বিশ্রামাগারের পার্শ্ববর্তী এলাকা থেকে বোমভর্তি দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। বোমগুলিকে নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডের সদস্যদের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।