কালবৈশাখীর ইতি, এবার বৈশাখে বাড়বে উত্তাপ — চার-পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা
Connect with us

আবহাওয়া

কালবৈশাখীর ইতি, এবার বৈশাখে বাড়বে উত্তাপ — চার-পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চৈত্রের শেষ লগ্নে রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখীর দাপট কিছুটা স্বস্তি দিলেও, এবার রাজ্যে গরমের প্রকোপ ক্রমশ বাড়বে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পালা আপাতত শেষ। গ্রীষ্মের শুরুতেই কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও পরবর্তী চার দিনের মধ্যেই রাজ্যে গরমের চেহারা বদলে যেতে চলেছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হবে হাঁসফাঁস পরিস্থিতি। যদিও রবিবার পর্যন্ত দু-একটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ইতি টানতে পারে প্রকৃতি। রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এইসব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে আর কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের চিত্র কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে যদিও এই বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র রবিবার পর্যন্ত বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে গরমের দাপট উত্তরবঙ্গেও বাড়বে। আগামী চার দিন এই অঞ্চলগুলিতে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল যথেষ্ট।

আবহাওয়াবিদদের মতে, কালবৈশাখীর ফুরোতেই বৈশাখের গরম তার পুরনো ছন্দে ফিরে আসছে। ফলে রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে হবে রোদের রোষ সামলানোর জন্য।

Advertisement
ads